ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইপিএলে শনিবারের একমাত্র খেলায় বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে তৃতীয় হারের লজ্জায় ডুবিয়ে তৃতীয় জয় তুলে নিয়েছে পুনে ওয়ারিয়র্স। নিজেদের মাঠে সৌরভ গাঙ্গুলীর দল জেতে ৭ উইকেটে।
পুনের সুব্রত রায় সাহারা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৫ রান করে চেন্নাই সুপার কিংস। জবাবে জেসি রাইডারের অপরাজিত অর্ধশতকের সুবাদে ১৯ ওভার ২ বলে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় পুনে ওয়ারিয়র্স।
লক্ষ্য তাড়া করতে নেমে রবিন উথাপ্পার (১০) সঙ্গে ৩১ ও দ্বিতীয় উইকেটে সৌরভের (১৬) সঙ্গে রাইডারের ৩৪ রানের ছোট কিন্তু কার্যকর দুটি জুটি পুনে ওয়ারিয়র্সকে সহজ জয়ের ভিত গড়ে দেয়।
উথাপ্পা ও সৌরভ দুজনই সাজঘরে ফেরেন দুর্ভাগ্যজনক রান আউট হয়ে।
মারলন স্যামুয়েলস (৮) বেশিক্ষণ না টিকলে তৃতীয় উইকেটে রাইডারের সঙ্গে ২৫ রানের আরেকটি ছোট জুটি গড়েন। এর পর চতুর্থ উইকেটে স্টিভেন স্মিথের (৪৪) সঙ্গে রাইডারের ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটি স্বাগতিকদের জয় এনে দেয়।
ম্যাচ শেষে ৭৩ রানে অপরাজিত থাকা রাইডার তার ৫৬ বলের ইনিংসটি সাজান ৭টি চার ও ১টি ছক্কায়।
এর আগে রবীন্দ্র জাদেজার ৪৪, ফাফ দু প্লেসিসের ৪৩ ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ২৬ রানের সুবাদে দেড়শ পেরোয় চেন্নাই সুপার কিংস।
১৬ রানে ২ উইকেট নিয়ে রাহুল শর্মা পুনে ওয়ারিয়র্সের সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০২৩ ঘ.
bdnews24