ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পোর্ট অব স্পেনের স্পিন সহায়ক উইকেটের কথা মাথায় রেখেই দ্বিতীয় টেস্টে বোলিং আক্রমণ স্পিন দিয়ে সাজাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া।
রোববার থেকে শুরু হবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি। প্রথম টেস্টে ৩ উইকেটের নাটকীয় জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। ত্রিনিদাদে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় অতিথিরা। অন্য দিকে সমতা ফেরানোই স্বাগতিকদের একমাত্র লক্ষ্য।
স্পিনের বিপক্ষে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের অস্বস্তির কথা মাথায় রেখে দ্বিতীয় টেস্টে লেগস্পিনার দেবেন্দ্র বিশু ও অফস্পিনিং-অলরাউন্ডার নরসিং দেওনারায়ণের সঙ্গে অফস্পিনার শেন শিলিংফোর্ডকে নিয়ে স্পিন আক্রমণ সাজানোর কথা ভাবছে ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম টেস্টে বিশু খুব একটা ভালো করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে অতিথি ব্যাটসম্যানদের বেশ ভুগিয়েছেন দেওনারায়ণ।
কেনসিংটন ওভালে খুব একটা সুবিধা করতে পারেন নি অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান লিয়নও। তার বিপক্ষে বেশ স্বচ্ছন্দ্য ছিলেন স্বাগতিক ব্যাটসম্যানরা। পোর্ট অব স্পেনে লিয়নের সঙ্গী হতে পারেন বাঁ-হাতি স্পিনার মাইকেল বীয়ার। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন পিটার সিডল।
স্বাগতিকদের ব্যাটিং লাইন আপের প্রধান অস্ত্র শিবনারায়ন চন্দরপল প্রথম টেস্টের প্রথম ইনিংসে পেয়েছেন দারুণ এক শতক। শেষ সফরেও অতিথিদের বিপক্ষে ব্যাট হাতে বেশ সফল ছিলেন তিনি। এবারও নিজের স্বভাব সুলভ খেলছেন চন্দরপল।
দ্বিতীয় টেস্টে ভালো করতে হলে চন্দরপলকে ভালো সহায়তা দিতে হবে ড্যারেন ব্রাভো, কার্ক এডওয়ার্ডস, ক্রেইগ ব্র্যাথওয়েইট, কার্লটন বাফদের।
প্রথম টেস্টে ব্যর্থ হলেও দ্বিতীয় টেস্টে রিকি পন্টিং এর অভিজ্ঞতা বেশ কাজে লাগবে বলে মনে করছেন অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক। মাইক হাসি, শেন ওয়াটসনের পাশাপাশি বোলাররা প্রয়োজনের সময় ভালো ইনিংস খেলায় ব্যাটিং নিয়ে অনেকটাই নির্ভার তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯১৯ ঘ.
bdnews24