ঢাকা, এপ্রিল ১৪ (বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লার মতোই খেলেন ড্যারেন ব্রাভো। লারার টেকনিক আয়ত্বে আনার পর এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ইনিংস খেলতে মানসিক দৃঢ়তার জন্য তার পরামর্শ চেয়েছেন ব্রাভো।
রোববার ত্রিনিদাদে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে দুই ইনিংসেই ভালো শুরুর পরও নিজের ইনিংস বড় করতে পারেন নি ব্রাভো। দ্বিতীয় টেস্টে তার পুনরাবৃত্তি ঠেকাতে লারার শরণাপন্ন হয়েছেন ব্রাভো।
এ ব্যাপারে সৎ ভাই ডোয়াইন ব্রাভোর সঙ্গে ফোনে কথা বলেছেন ব্রাভো। আইপিএলে খেলতে ভারতে রয়েছেন ডোয়াইন।
কুইন্স পার্ক ওভারে ব্রাভো বলেন, “নিজের ফর্ম নিয়ে আমি আত্মবিশ্বাসী। প্রথম টেস্টে দুই ইনিংসেই ভালো টাইমিং হয়েছে।”
“ব্রায়ান লারা ও আমার ভাইয়ের কাছ থেকে আমি কিছু পরামর্শ নিয়েছি। আশা করছি কোনো একটা সময়ে আমি এর সুফল পাবো,” যোগ করেন ব্রাভো।
তিনি বলেন, “কী করে ইনিংস গঠন করতে পারি সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন তারা। আমি এ ব্যাপারে কঠোর পরিশ্রম করছি এবং আশা করছি পরের টেস্টেই তা কাজে লাগবে।”
“দ্বিতীয় টেস্ট সিরিজে সিরিজে সমতা ফেরানোর পাশাপাশি ডমিনিকায় তৃতীয় টেস্ট পর্যন্ত সিরিজ বাঁচিয়ে রাখতে চাই,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৫২ ঘ.
bdnews24