ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার অফস্পিনার নাথান লিয়নে মুগ্ধ ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা অফস্পিনার ল্যান্স গিবস। ব্রিজটাউনে প্রথম টেস্টে লিয়নের খেলা দেখার পর তার ফলোথ্রোয়ে আরো উন্নতির সুযোগ রয়েছে বলে মনে করেন গিবস।
ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুতে সেন্ট লুসিয়ায় গিবসের সঙ্গে কথা বলেন লিয়ন। এর পর কেনসিংটন ওভালে পাঁচ দিনের খেলা গভীর মনযোগ দিয়ে দেখেছেন গিবস। সে পর্যবেক্ষণ থেকে তিনি বলেন, “লিয়নে লাইন ও লেন্থ দারুণ। তবে বল ছুঁড়ার পর তিনি যতটা পারেন শরীর তার অর্ধেক কম ঝুঁকালে আরো ভালো করবেন।”
“প্রথম টেস্টের শেষ দিন উইকেটে বল বেশ ঘুরেছে। কিন্তু সে সময়ে ব্যাটসম্যানদের পরীক্ষায় ফেলতে পারেন নি লিয়ন। পুরো শরীর ব্যবহার করে বল করলে তিনি আরো স্পিন পেতেন,” যোগ করেন তিনি।
গিবস বলিষ্ঠ ফলোথ্রোয়ের কথা বললেও লিয়নে মুগ্ধ অস্ট্রেলিয়ার কোচ মিকি আর্থার ও জাতীয় নির্বাচক জন ইনভেরারিটি। লিয়ন এরই মধ্যে বেশ উন্নতি করেছে বলে মনে করেন তারা।
এ ব্যাপারে আর্থার বলেন, “লিয়ন খুব পরিশ্রমী ক্রিকেটার, তিনি একজন খুব ভালো স্পিনার। ছোট খাটো কিছু ব্যাপারে এখনো তার উন্নতির সুযোগ রয়েছে।”
“১২টি টেস্টসহ সব মিলিয়ে ২০টির মতো প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন লিয়ন। তিনি এখনো শিখছেন আর তার শিল্পটা ক্রিকেটের কঠিনতম। তিনি আরো উন্নতি করবেন, আমাদের শুধু তাকে একটু সহায়তা করতে হবে,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭৪৪ ঘ.
bdnews24