ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাকিব আল হাসানের নৈপুণ্যে রাজস্থান রয়্যালসকে ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। বল হাতে ৩ উইকেট নেয়ার পর ১০ বলে ১৬ রানের কার্যকর ইনিংস খেলে কলকাতার জয়ের নায়ক সাকিব।
কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইইকেটে ১৩১ রান করে রাজস্থান রয়্যালস। জবাবে ১৯ ওভার ২ বলে ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স।
লক্ষ্য তাড়া করতে নেমে গৌতম গম্ভীরের (১১) সঙ্গে ২২ ও দ্বিতীয় উইকেটে মানভিন্দর সিং বিসলার সঙ্গে ৪৮ রানের দুটি কার্যকর জুটি গড়ে কলকাতা নাইট রাইডার্সকে ভালো অবস্থানে নিয়ে আসেন জ্যাক ক্যালিস (৩১)।
তৃতীয় উইকেটে মনোজ তিওয়ারীর সঙ্গে ২৪ রানের ছোট কিন্তু কার্যকরী জুটি গড়েন বিসলা (২৯)। দলীয় ৯৪ রানে বিসলার বিদায়ের পর ব্যাটিংয়ে নামের সাকিব। চতুর্থ উইকেটে তার সঙ্গে ১৪ রানের ছোট জুটি গড়ে বিদায় নেন তিওয়ারীও (২৪)।
এর পর ১০ বলে একটি করে চার ও ছক্কার সাহায্যে ১৬ রান করে সাকিব সাজঘরে ফেরার সময় জয় থেকে নিশ্বাঃস দূরত্বে কলকাতা। সেই কাজ টুকু রায়ান টেন ডয়েসকেটকে (৭*) নিয়ে সহজেই সারেন ইউসুফ পাঠান (৭*)।
এর আগে অজিঙ্কয়া রাহানের সঙ্গে অধিনায়ক রাহুল দ্রাবিড়ের ৪৫ রানের উদ্বোধনী জুটি রাজস্থান রয়্যালসকে ভালো সূচনা এনে দেয়। সপ্তম ওভারে বল করতে এসে প্রথম বলেই রাহানেকে (১৯) সাজঘরে ফেরত পাঠিয়ে দলকে প্রথম সাফল্য এনে দেন সাকিব আল হাসান।
পরের ওভারের দ্বিতীয় বলে দ্রাবিড়কেও (২৮) ফেরান সাকিব। মাঝখানে অশোক মেনারিয়া (১) রান আউট হয়ে বিদায় নিলে রাজস্থানকে বেশ ভালো চাপে ফেলে কলকাতা নাইট রাইডার্স। ৪৫/০ থেকে রাজস্থান রয়্যালস পরিণত হয় ৪৯/৩ -এ।
চতুর্থ উইকেটে শ্রীবাটস গোস্বামীর সঙ্গে ওয়াইজ শাহর ৫৯ রানের সুবাদে ধাক্কা সামাল দেয় রাজস্থান রয়্যালস। ১৭ তম ওভারে নিজের শেষ ওভার করতে এসে গোস্বামীকে বিদায় করে কলকাতা নাইট রাইডার্সের জন্য বিপদজনক হয়ে উঠা এই জুটি ভাঙ্গেন সাকিব।
শেষ পর্যন্ত ওয়াইজ শাহর ৩১ ও ব্র্যাড হজের অপরাজিত ১২ রানের সুবাদে লড়াইয়ের পুঁজি গড়ে রাজস্থান রয়্যালস।
১৭ রানে ৩ উইকেট নিয়ে সাকিবই কলকাতা নাইট রাইডার্সের সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫৬ ঘ.
bdnews24