২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাসকারেনহাস, মার্শের হাত ধরে পাঞ্জাবের প্রথম জয়

বল হাতে দিমিত্রি মাসকারেনহাসের ৫ উইকেটের পর ব্যাট হাতে শন মার্শের অপরাজিত অর্ধশতকের সুবাদে তৃতীয় ম্যাচে এসে প্রথম জয় পেয়েছে কিংস ইলিভেন পাঞ্জাব। বৃহস্পতিবারের দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব ৭ উইকেটে সহজেই হারিয়েছে পুনে ওয়ারিয়র্সকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2012, 06:01 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বল হাতে দিমিত্রি মাসকারেনহাসের ৫ উইকেটের পর ব্যাট হাতে শন মার্শের অপরাজিত অর্ধশতকের সুবাদে তৃতীয় ম্যাচে এসে প্রথম জয় পেয়েছে কিংস ইলিভেন পাঞ্জাব। বৃহস্পতিবারের দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব ৭ উইকেটে সহজেই হারিয়েছে পুনে ওয়ারিয়র্সকে। মোহালির পাঞ্জাব ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১১৫ রানে অলআউট হয়ে যায় পুনে ওয়ারিয়র্স। জবাবে ১৭ ওভার ৪ বলে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় কিংস ইলিভেন পাঞ্জাব। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই পল ভালথেটি বোল্ড হয়ে সাজঘরে ফিরলে কিংস ইলিভেন পাঞ্জাবের শুরুটা মোটেও ভালো হয়নি। দ্বিতীয় উইকেটে অ্যাডাম গিলক্রিস্টের (২১) সঙ্গে ৫০ ও তৃতীয় উইকেটে মানদীপ সিংয়ের (১০) সঙ্গে ২০ রানের দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে খুব ভালো অবস্থানে নিয়ে আসেন মার্শ। চতুর্থ উইকেটে পীযুষ চাওলার সঙ্গে বাকি কাজটুকু বেশ সহজেই সারেন মার্শ। শেষ পর্যন্ত ৬৪ রানে অপরাজিত থাকা মার্শ তার ৫৪ বলের ইনিংসটি সাজান ৭টি চার ও ১টি ছক্কায়। ১৪ বল হাতে রেখে পাওয়া জয়ে চাওলার অবদানও কম নয়। তিনি অপরাজিত থাকেন ২১ রানে। এর আগে মাসকারেনহাসের তোপের মুখে ৫১ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে পুনে ওয়ারিয়র্স। মিঠুন মানহাসের ৩১ রানের সুবাদে লড়াইয়ের পুঁজি গড়ার স্বপ্ন দেখছিল পুনে। কিন্তু ৯৯ রানে স্টিভেন স্মিথের বিদায়ের পর আবারো মাসকারেনহাস উইকেট শিকার শুরু করলে এর পর আর ১৬ রানেই শেষ ৪ উইকেট হারায় দলটি। ২৫ রানে ৫ উইকেট নিয়ে মাসকারেনহাস কিংস ইলিভেন পাঞ্জাবের সেরা বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫৯ ঘ.