ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবার ভারতের হয়ে খেলতে চান ক্যান্সারের চিকিৎসা শেষে দেশে ফেরা যুবরাজ সিং। চিকিৎসা চলার সময় শচীন টেন্ডুলকার ও যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রংয়ের কাছ থেকে অনুপ্রেরণা পাওয়ার কথাও জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রে ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা শেষে সোমবার দেশে ফেরেন ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক যুবরাজ।
বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,“আমি আবারো আমার টুপিতে ভারতের লোগো দেখতে চাই। আবার ভারতের হয়ে খেলতে পারা আমার জন্য হবে এক বিশাল অর্জন। কিন্তু ব্যাপারটা সহজ হবে না এবং যথেষ্ট সময় সাপেক্ষও। জানি না কবে মাঠে ফিরতে পারবো।”
চিকিৎসা চলার সময় টেলিভিশনে ভারতের খেলা দেখা তার জন্য ভীষণ কঠিন ছিলো জানিয়ে যুবরাজ আরো বলেন, “আমি খেলা না দেখার চেষ্টা করেছি। টেলিভিশনের সামনে বসে ভারতের খেলা দেখা ভীষণ হতাশাজনক ছিলো আমার জন্য। নিজেকে মাঠে দেখতে না পাওয়া যন্ত্রণাদায়কও ছিলো।”
এই ঘোর দুঃসময়ে যুবরাজের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন টেন্ডুলকার।
বিশ্বসেরা ব্যাটসম্যানের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে যুবরাজ বলেন,“টেন্ডুলকার যখন অস্ট্রেলিয়ায় ছিলেন তখনও তিনি আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন। জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ের সময় তিনি সবসময়ই আমাকে উৎসাহ যুগিয়েছেন।”
যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে যুবরাজ যখন লন্ডনে পুনর্বাসনের জন্য কাটাচ্ছিলেন তখন সেখানে তার সঙ্গে দেখা করেন টেন্ডুলকার। যুবরাজ বলেন, “আমি তাকে লন্ডনে দেখে দারুণ খুশি হয়েছিলাম। তিনি শুধু আমাকে দেখতেই অত দূর গিয়েছিলেন। এটা আমাকে দারুণ অনুপ্রাণিত করেছিলো।”
চিকিৎসা চলার সময় সতীর্থরা ছাড়াও বহু শুভাকাক্সক্ষী এবং অন্য খেলার সঙ্গে জড়িত খেলোয়াড়রা যুবরাজকে উৎসাহ দিয়ে এসএমএস পাঠিয়েছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলো টানা ৭ বার ট্যুর ডি ফ্রান্স চ্যাম্পিয়ন এবং ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে বিজয়ী আর্মস্ট্রং।
গত বিশ্বকাপের সেরা খেলোয়াড় যুবরাজ জানান, আর্মস্ট্রংয়ের কাছেও তিনি ভীষণ ঋণী। তিনি বলেন, “আর্মস্ট্রংয়ের মতো মানুষেরা ভীষণ অনুপ্রেরণা যোগায়।”
তবে তার মা সবচেয়ে বেশি সাহস যুগিয়েছেন জানিয়ে যুবরাজ বলেন, “মা ছিলেন আমার শক্তি। তিনি এক ফোঁটাও চোখের জল ফেলেননি। তিনি আমার চাইতেও শক্ত ছিলেন।”
ক্যান্সারে আক্রান্ত হওয়া ও চিকিৎসার অভিজ্ঞতা এবং সে সময়ে জীবন সম্পর্কে চিন্তা-ভাবনার পরিবর্তন নিয়ে লিখছেন যুবরাজ।
তিনি বলেন, “আমি এই অভিজ্ঞতা নিয়ে লিখছি। আমার উপলব্ধি, জীবনে সব কিছু অর্জন করার চেয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সুখে থাকা।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৫৮ ঘ.
bdnews24