২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবকে দলে নিয়েই কলকাতার জয়

এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের তৃতীয় ম্যাচে প্রথম মাঠে নামার সুযোগ পেলেন সাকিব আল হাসান। আর বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে নিয়েই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৪২ রানে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে কলকাতা নাইট রাইডার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 10:48 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের তৃতীয় ম্যাচে প্রথম মাঠে নামার সুযোগ পেলেন সাকিব আল হাসান। আর বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে নিয়েই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৪২ রানে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবার ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক গৌতম গম্ভীরের অর্ধশতকের সুবাদে ৮ উইকেটে ১৬৫ রান করে কলকাতা নাইট রাইডার্স। জবাবে ৯ উইকেটে ১২৩ রানে থেমে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইনিংস। ব্যাট হাতে বেশি কিছু করার সুযোগ পাননি সাকিব। অষ্টাদশ ওভারে ব্যাট করতে নেমে ৪ বলে ৪ রান করেন তিনি। বোলিংয়ে অবশ্য তুলনামূলকভাবে সফল টেস্ট ও ওয়ানডে দুটোরই অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা সাকিব। ৩ ওভারে ২১ রানের বিনিময়ে বিনয় কুমার আর হার্শাল প্যাটেলকে ফিরিয়ে দেন তিনি। তবে এর আগেই লক্ষ্মীপতি বালাজি ও জ্যাক ক্যালিসের তোপে ৩৩ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পরের ব্যাটসম্যানরা চেষ্টা করলেও হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে তারা। সর্বোচ্চ ২৫ রান আসে বিনয় কুমারের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন ব্যাঙ্গালোরের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। ১৮ রানে ৪ উইকেট নিয়ে বালাজি কলকাতা নাইট রাইডার্সের সেরা বোলার। ম্যাচ সেরাও তিনি। ৭ রানে ২ উইকেট নেন ক্যালিস। এর আগে ক্যালিসের সঙ্গে গম্ভীরের ৬০ রানের উদ্বোধনী জুটি ভালো সূচনা এনে দিয়েছিলো কলকাতা নাইট রাইডার্সকে। এরপর উইকেটরক্ষক মানভিন্দর সিং বিসলার (৪৬) সঙ্গে ৬৫ রানের আরেকটা দারুণ জুটি গড়ে কলকাতা নাইট রাইডার্সকে ভালো জায়গায় নিয়ে যান গম্ভীর। বিসলার ২৯ বলের ইনিংসটি ২টি চার ও ৩টি ছক্কায় সাজানো। তবে ১ রানের ব্যবধানে বিসলা ও ইউসুফ পাঠান (১) আউট হয়ে গেলে হঠাৎই চাপে পড়ে যায় কলকাতা নাইট রাইডার্স। সপ্তদশ ওভারে গম্ভীরের (৬৪) বিদায়ের পর আর বেশি দূর যেতে পারেনি তারা। গম্ভীর তার ৩৯ বলের ইনিংসটি সাজিয়েছেন ৯টি চার ও একটি ছক্কায়। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পক্ষে দুটি করে উইকেট নেন বিনয় কুমার, জহির খান ও মুত্তিয়া মুরালিধরন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৩৮ ঘ.