ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলকাতা নাইট রাইডার্সের প্রথম দুই ম্যাচে ঠাঁই হয়নি সাকিব আল হাসানের। ওই দুটি ম্যাচে হারার পর মঙ্গলবার রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে একাদশে রয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
প্রথম দুটি ম্যাচে সাকিবকে না খেলানোয় ভক্তরাতো বটেই, বিস্মিত হয়েছিলেন ক্রিকেট বোদ্ধারাও। প্রথম দুই ম্যাচে সাকিবের বদলে সুযোগ পাওয়া বিদেশি কোটার খেলোয়াড়েরা ভালো করতে না পারায় সাকিবকে দলে নেওয়ার দাবি জোরদার হয়।
রাজস্থান রয়্যালসের বিপক্ষে হারার পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয় কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীরকে।
এ প্রশ্নে উষ্মা প্রকাশ করে গম্ভীর বলেছিলেন, একক কোনো খেলোয়াড়ের বিষয়ে তিনি কোনো প্রশ্নের উত্তর দেবেন না।
আইপিএলের ক্রিকেট ধারভাষ্যকারেরাও সাকিবের দলে ঠাঁই না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেন।
টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ক্যাপ্টেন ড্যানিয়েল ভেট্টোরি। রাজস্থান দলে খেলছেন ইনজুরি সেরে ওঠা ক্রিস গেইল।
পরপর দুই ম্যাচ হারা কলকাতা নাইট রাইডার্স দলে সাকিব ছাড়াও যোগ হয়েছেন নেদারল্যান্ডসের অল রাউন্ডার রায়ান টেন ডেসকাটে। বাদ পড়েছেন ফর্ম হারানো নিউজিল্যান্ডের ওপনার ব্র্যান্ডন ম্যাকমিলান আর সাকিবকে বসিয়ে রেখে বদলে দ্বিতীয় ম্যাচে সুযোগ দেওয়া সুনিল নারায়ণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৬২২ ঘ.
bdnews24