ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ৫৫ রানে অপরাজিত থাকলেও কলম্বোতে দ্বিতীয় ও শেষ টেস্টে হারের শঙ্কা চেপে ধরেছে শ্রীলঙ্কাকে। শুক্রবার চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ২১৮ রান। মাত্র ৩৩ রানে পিছিয়ে থাকা ইংল্যান্ড জয়ের স্বপ্ন দেখতে পারছে গ্রায়েম সোয়ানের দারুণ বোলিংয়ের সৌজন্যে। ৬ উইকেটের চারটিই এই অফস্পিনারের।
বিনা উইকেটে ৪ রান নিয়ে শুরু করা শ্রীলঙ্কা ধাক্কা খেয়েছে দিনের অষ্টম ওভারেই। শুরু থেকে নড়বড়ে লাহিরু থিরিমান্নে বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ১১ রান করে জেমস অ্যান্ডারসনের বলে স্লিপে অ্যান্ড্রু স্ট্রাউসকে ক্যাচ দিয়েছেন তিনি। তাই ২৩ রানেই ভেঙ্গে গেছে উদ্বোধনী জুটি।
বিশেষজ্ঞ উদ্বোধনী ব্যাটসম্যান থিরিমান্নে ব্যর্থ হলেও ‘নাইটওয়াচম্যান’ ধাম্মিকা প্রসাদকে সফল বলতেই হবে। আগের দিন মাত্র এক ওভার বাকি থাকায় থিরিমান্নের সঙ্গে সাহস করে তাকেই নামিয়ে দিয়েছিলো স্বাগতিকরা। অ্যান্ডারসনের ৬টি বল সাফল্যের সঙ্গে মোকাবেলা করা প্রসাদ শুক্রবার ৩৪টি মূল্যবান রান উপহার দিয়েছেন দলকে।
দীর্ঘ ৮৭ মিনিট ক্রিজ আঁকড়ে পড়ে থাকার পর শেষ পর্যন্ত আর ধৈর্য্য রাখতে পারেননি প্রসাদ। স্টিভেন ফিনকে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে টিম ব্রেসনানকে ক্যাচ দিয়েছেন তিনি।
এরপর তিলকরতেœ দিলশান (৩৫) ও কুমার সাঙ্গাকারা (২১) চেষ্টা করলেও বেশি দূর যেতে পারেননি। দুজনই সোয়ানের শিকার।
১২৫ রানে ৪ উইকেট হারানোর পর থিলান সামারাবীরার সঙ্গে জুটি বেঁধে স্বাগতিক-শিবিরে একটু-একটু করে স্বস্তি ফিরিয়ে আনছিলেন জয়াবর্ধনে। দিনের শেষ ওভারের আগের ওভারে সামারাবীরাকে (৪৭) বোল্ড করে ৯০ রানের জুটিটা ভেঙ্গে অতিথিদের লড়াইয়ে ফেরানোর কৃতিত্ব সোয়ানের। দুই বল পর রানদিভও বোল্ড হয়ে যাওয়ায় শ্রীলঙ্কার সামনে হারের চোখরাঙানি।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা : ২৭৫ (জয়াবর্ধনে ১০৫; সোয়ান ৪/৭৫) ও ২১৮/৬ (প্রসাদ ৩৪, থিরিমান্নে ১১, দিলশান ৩৫, সাঙ্গাকারা ২১, জয়াবর্ধনে ৫৫*, সামারাবীরা ৪৭, রানদিভ ০, ম্যাথিউস ৩*; সোয়ান ৪/৮২, অ্যান্ডারসন ১/২৭, ফিন ১/৩০)
ইংল্যান্ড : ৪৬০ (পিটারসেন ১৫১, কুক ৯৪; হেরাথ ৬/১৩৩)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০১২ঘ.
bdnews24