ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরফান পাঠানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে দিল্লি¬ ডেয়ারডেভিলস।
তবে বাংলাদেশি দর্শকদের আলোচনায় ইরফানের ব্যাটিং বা দিল্লির জয় নয়; তাদের ম্যাচ-প্রতিক্রিয়াজুড়ে শুধু বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
কলকাতার দলে জ্যাক ক্যালিস, ব্রেট লি বা আইপিএল কাঁপানো ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে চতুর্থ বিদেশি হিসাবে ইডেন গার্ডেন্স আলোকিত করবেন তাদের প্রিয় খেলোয়াড় সাকিব; চার বিদেশি খেলানোর নিয়মের ভিত্তিতে এমনই ধারণা করে নিয়েছিলেন বাংলাদেশের দর্শকরা।
সোশাল মিডিয়া এবং বিভিন্ন ওয়েবসাইটে লিখে লিখে সে প্রত্যাশাই করেছিলেন তারা।
কিন্তু অনেক জল গড়ানো ম্যাচ যখন ১২ ওভারে নির্দিষ্ট হলো কলকাতার দলে চতুর্থ বিদেশি হিসাবে সবাই নাম দেখলো দক্ষিণ আফ্রিকার তরুণ বোলার মার্চেন্ট ডি ল্যাঙের। ম্যাচ শেষে দেখা গেল তার হাত গলে বেরিয়েছে তিন ওভারে ৩৬ রান।
আইপিএলের পঞ্চম আসরের প্রথম ম্যাচটি এ ম্যাচটি ছিল বৃষ্টিবিঘিœত। টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে মাত্র ৯৭ রান করে কলকাতা।
জবাবে ১১ ওভার ১ বলে ২ উইকেট হারিয়ে লক্ষে পৌঁছে যায় দিল্লি¬। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পরে খেলা শুরু হয়। খেলার দৈর্ঘ্য নেমে আসে ১২ ওভারে।
১২ ওভারের এ ম্যাচে দিল্লি জেতে ৮ উইকেটে।
দিল্লির দরকার যেখানে ১০-এর নিচে ওভার প্রতি রান সেখানে ওভার প্রতি গড়ে ১২ রান দেওয়া ল্যাঙকে সাকিবভক্তদের সমালোচনার তীর থেকে বাঁচাবেন কী করে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট।
লক্ষ্য তাড়া করতে নেমে অ্যারন ফিঞ্চের সঙ্গে অধিনায়ক বীরেন্দর শেবাগের ৪৯ রানের জুটির সুবাদে শুরুটা বেশ ভালো হয় দিল্লি¬র। সপ্তম ওভারের দ্বিতীয় বলে ফিঞ্চের (৩০) বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি শেবাগও (২০)। ছয় বল পর সাজঘরের পথ ধরেন তিনি।
তৃতীয় উইকেটে গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে ৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয় এনে দেন ইরফান। মাত্র ২০ বলে করা তার ৪২ রানের ইনিংসে রয়েছে ২টি চার ও ৩টি ছক্কা। অন্য দিকে ৩ রানে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল।
আগে ব্যাট করতে নেমে কলকাতার শুরু মোটেও ভালো হয়নি। মর্নে মরকেলের তোপের মুখে ৩১ রানেই ৪ উইকেট হারিয়ে দারুণ চাপে পড়ে যায় দলটি।
পঞ্চম উইকেটে দেবব্রত দাসের (১৮) সঙ্গে অধিনায়ক গৌতম গম্ভীরের (১৬) ২৩ রানের জুটি ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করে। কিন্তু ১ রানের ব্যবধানে দুজনই সাজঘরে ফিরে গেলে খেলায় চালকের আসনে বসে দিল্লি¬।
এর পরও লক্ষ্মী শুক্লার ২৬ ও ব্রেট লির ৯ রানের সুবাদে একশ রানের কাছাকাছি স্কোর করে কলকাতা।
১৮ রানে ৩ উইকেট নিয়ে মরকেল দিল্লি¬র সেরা বোলার। উমেশ যাদব (২/৯) ও রল্ফ ভ্যান ডার মারউইয়ের (২/২৮) অবদানও কম নয়।
১২ ওভারের ম্যাচে সাকিবের স্পিনের চেয়ে ল্যাঙের বলের দ্রুতগতিকে হয়তো বা বেশি কার্যকরী ধরেছিলেন কলকাতার কোচ ও সর্বকালের সেরা পেসারদের একজন ওয়াসিম আকরাম।
এত ছোট্ট ম্যাচে তাই হয়তো সাকিবের ব্যাটিং যোগ্যতা বাড়তি নম্বর হিসেবে গুনতি হয়নি। কেইবা জানত ব্যাটসম্যানরা সবাই মিলে শতকের কোটাও পেরোতে পারবে না।
তাই ম্যাচ শেষে সাকিবের ব্যাটিংয়ের জন্য একটু আক্ষেপও হতে পারে ওয়াসিম আকরামের। সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশি ক্রিকেটমোদীরা তাই নিজেদের উল্লাস প্রকাশ করেছেন! সঙ্গে আবার আশা করতে ভোলেননি যে, ম্যানেজমেন্ট এ শিক্ষা থেকে পরের ম্যাচগুলোতে সাকিবকে আর দর্শক বানিয়ে রাখবেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/পিডি/০২০৭ ঘ.
bdnews24