২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবকে মাঠে চান কেকেআর সমর্থকরা

দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে কে কে খেলছে, তা শাহরুখ খানের দল নিশ্চিত না করলেও কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে বিশ্বসেরা অলরাউন্ডারকে মাঠে চেয়ে সরব সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2012, 09:59 AM

Updated : 24 Aug 2022, 11:07 AM

শরীফ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের একাদশে বাংলাদেশের সাকিব আল হাসান ঠাঁই পাবেন কিনা, তা এখনও জানায়নি টিম ম্যানেজমেন্ট। কিন্তু কেকেআর ভক্তদের সুপারিশ করা দলে বিশ্বসেরা এই অলরাউন্ডারের অবস্থান পাকা। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো, আইপিএল ২০১২ এর অফিসিয়াল ওয়েবসাইট আর কলকাতা নাইট রাইডার্সের ওয়েবসাইটে কেকেআর ভক্তরা যে দল সুপারিশ করেছেন, তার প্রায় সবকটিতেই আছেন সাকিব। একাদশে সাকিবকে রাখার জন্য আছে জোর তাগিদ। আর আইপিএলে তার জন্য শুভকামনা তো রয়েছেই। ক্রিকইনফো আর কেকেআরের ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে, বৃহস্পতিবারের লড়াইয়ের আগে সবচেয়ে বেশি আলোচনায় আছে বিপিএল আর এশিয়া কাপের সেরা খেলোয়াড় সাকিব। দিল্লি বনাম কলকাতার বৃহস্পতিবার রাতের ম্যাচের আগে ক্রিকইনফোর ‘প্রিভিউ’ এর মতামত অংশে তাই এবার সবকটি ম্যাচে তাকে খেলানোর দাবি উঠেছে। আইপিএল ২০১২-এ এক একটি দলে বিদেশি খেলোয়াড় খেলানো যাবে মাত্র চার জন। কিন্তু কলকাতা দলে আছে বিশ্বমানের এক ঝাঁক তারকা। গত আইপিএলে সাকিব সুযোগ পেয়েছিলেন মাত্র ৭টি ম্যাচে। এ নিয়ে বাংলাদেশে তার ভক্তদের ছিল বিস্তর অভিযোগ। কলকাতা দলে উল্লেখযোগ্য বিদেশি খেলোয়ারদের মধ্যে সাকিব ছাড়াও আছে ইওইন মরগ্যান, ব্রেন্ডন ম্যাককালাম, ব্র্যাড হাডিন, রায়ান টেন ডেসকাট, জ্যাক ক্যালিস, ব্রেট লি ও সুনিল নায়ায়ণ। উইকেটকিপার হিসেবে ম্যাককালাম বা হাডিনের মধ্যে আইপিএলের প্রথম সেঞ্চুরিয়ান ম্যাককালামেরই সম্ভাবনা বেশি। গতি তারকা ব্রেটলির সম্ভবনাও বেশি। অলরাউন্ডার হিসেবে ক্যালিস তো আছেনই। সাকিবকে দলে থাকতে তাই লড়াই করতে হবে রায়ান টেন ডেসকাট আর এ বছর ৭ লাখ ডলারে কেনা ওয়েস্ট ইন্ডিজের অফস্পিনার সুনিল নারায়ণের সঙ্গে। এ জন্যই হয়তো ভক্তরা পরিসংখ্যান আর পারফরমেন্স বিবেচনায় এনে সাকিবের দলে অন্তর্ভুক্তির ওকালতি করছেন। ক্রিকইনফোতে ম্যাচ প্রিভিউতে এক ভক্ত লিখেছেন, “সুনিল নারায়ণটা আবার কে? সে কীভাবে সাকিবের চেয়ে ভালো হয়! সাকিব তো সব ফরমেটের ক্রিকেটেই সেরা অলরাউন্ডার।” ওয়েস্ট ইন্ডিজের এই উঠতি তারকাকে ছোট করার চেষ্টাটা বোধহয় সাকিবের পথটাকে কণ্টকমুক্ত করার জন্যই। ক্রিকইনফোতে আরেকজনের মন্তব্য “হু দা হেল সুনিল নারায়ণ? তার কি আন্তর্জাতিক পর্যায়ে খেলার বিস্তর অভিজ্ঞতা আছে? আমি তো মনে করি বিশ্বের এক নম্বর অলরাউন্ডারের সঙ্গে তার কোনো তুলনাই চলে না।” “উপমহাদেশের কন্ডিশনে নারায়ণ কি সাকিবের চেয়ে ভালো করবে? সাকিবকে না খেলালে তা হবে কেকেআরের বোকামি,” হুঁশিয়ারি আরেক ভক্তের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আর এশিয়া কাপের সেরা খেলোয়াড় সাকিবকে কলকাতার ব্যাটিং লাইনআপে আরও আগে খেলানোরও প্রস্তাব রেখেছেন কেউ কেউ। তবে আবেগের চেয়ে ক্রিকেটীয় বাস্তবতাকে গুরুত্ব দেওয়া সাকিব ভক্তরা এই রাশ টেনে ধরার চেষ্টা করছেন। হাসিব রহমান নামের এক ভক্ত লিখেছেন, “সব সাকিবভক্তদের বলছি, দয়া করে সাকিবের পক্ষে ওকালতি করবেন না। সে একজন মেধাবী ক্রিকেটার। সে যদি আইপিএলে ভালো করে, তার পারফরমেন্সই তার হয়ে কথা বলবে। পুনশ্চ: আমিও সাকিবের ভক্ত। কিন্তু খেলা শেষ হওয়ার আগে আমি তার সম্পর্কে ভালো ভালো কথা লিখতে চাই না।” আইপিএলের অফিসিয়াল ওয়েসাইটে বৃহস্পতিবারের ম্যাচ প্রিভিউতেও তৎপর সাকিবভক্তরা। ইডেন কলেজের নাজমুন নাহার লিখেছেন, “সাকিবের জন্যই আমি কেকেআরের খেলা দেখি।” রাজশাহী মেডিকেল কলেজের মিঠুন রায় জানিয়েছেন শুভকামনা। বলিউড তারকা শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের ওয়েবসাইটে সাকিবও পেয়েছেন তারকাখ্যাতি। অলরাউন্ডার জ্যাক ক্যালিসের প্রোফাইলে যেখানে মন্তব্য দশটি, ব্রেট লির ২০টি, সেখানে সাকিবকে শুভকামনা জানিয়ে এসেছে ৪৭টি বার্তা। ওয়েবসাইটে সাকিবকে নিয়ে লেখা একটি প্রতিবেদনে মন্তব্য এসেছে ১০০টি। কলকাতার ম্যানেজমেন্টের প্রতি তাদের অনেকের অনুরোধ সাকিবকে আরও ভালোভাবে ব্যবহার করার, আরও বেশি সুযোগ দেওয়ার। এমনকি কলকাতা নাইট রাইডার্সের ওয়েবসাইটে সাকিবের ভালো একটা ছবি দেওয়া হল না কেন এ নিয়েও ওয়েবসাইট কর্তৃপক্ষের প্রতি রয়েছে অনুযোগ। তবে সবচেয়ে বড় আকুতি বোধহয় কোচের কাছে। ফরহাদ ইসলাম রাসেল লিখেছেন, “আশা করি কোচ সঠিক সিদ্ধান্তটাই নেবে, কারণ সে একজন অসাধারণ অলরাউন্ডার।” সাকিবের প্রতিও রয়েছে উপদেশ। গত আইপিএল বল হাতে সফল হলেও (৭ ম্যাচে ১১ উইকেট) রান পেয়েছেন মাত্র ২৯ রান। সৌমিত নাগ তাই লিখেছেন, “প্লিজ ভাই... এবার কিছু রান করুন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫২২ ঘ.