২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বোতে ভালো অবস্থায় ইংল্যান্ড

দুই উদ্বোধনী ব্যাটসম্যানের অর্ধশতকের সুবাদে কলম্বোতে দ্বিতীয় ও শেষ টেস্টে ভালো অবস্থায় আছে ইংল্যান্ড। বুধবার দ্বিতীয় দিন শেষে সফরকারীদের সংগ্রহ ১ উইকেটে ১৫৪ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 01:49 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই উদ্বোধনী ব্যাটসম্যানের অর্ধশতকের সুবাদে কলম্বোতে দ্বিতীয় ও শেষ টেস্টে ভালো অবস্থায় আছে ইংল্যান্ড। বুধবার দ্বিতীয় দিন শেষে সফরকারীদের সংগ্রহ ১ উইকেটে ১৫৪ রান। অ্যালিস্টার কুক ৭৭ ও জোনাথন ট্রট ১৫ রানে অপরাজিত আছেন। এর আগে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয় ২৭৫ রানে। পি সারা ওভালে ৬ উইকেটে ২৩৮ রান নিয়ে খেলা শুরু করা শ্রীলঙ্কা গ্রায়েম সোয়ানের মারাত্মক বোলিংয়ে মাত্র ৩৭ রানে বাকি চার উইকেট হারিয়ে ফেলে। মধ্যাহ্ন বিরতির আগেই মাত্র ৪ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে শ্রীলঙ্কাকে অলআউট করে দেন সোয়ান। আগের দিন শেষে ৫ রানে অপরাজিত সুরাজ রানদিভ (১২) সোয়ানের প্রথম শিকার। অন্য প্রান্তে ধৈর্য্য ধরে খেলছিলেন চোট কাটিয়ে ফেরা অ্যাঞ্জেলো ম্যাথুস। কিন্তু অর্ধশতকের পর আর বেশি দূর এগোতে পারেননি । ৬টি চারে ১৫৭ বলে ৫৭ রান করা ম্যাথুসকে তুলে নিয়ে ইংল্যান্ডকে দিনের দ্বিতীয় সাফল্য এনে দেন সোয়ান। শ্রীলঙ্কার স্কোর তখন ২৬১/৮। বাকি দুই উইকেটে ১৪ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। ৭৫ রানে ৪ উইকেট নেয়া সোয়ানই ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার। মধ্যাহ্ন বিরতির কিছুক্ষণ আগে ব্যাট করতে নামা ইংল্যান্ডকে দারুণ সূচনা এনে দেন স্ট্রাউস ও কুক। কুক অবশ্য ব্যক্তিগত ২০ রানে একবার জীবন পান। শর্ট লেগে তার ক্যাচ ফেলে দেন লাহিরু থিরিমান্নে। উদ্বোধনী জুটিতে তাই ১২২ রান তুলতে সমস্যা হয়নি ইংল্যান্ডের টেস্ট ও ওয়ানডে অধিনায়কের। এই মৌসুমে টেস্টে এটাই ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। দিলশানের বলে উইকেটরক্ষক প্রসন্ন জয়াবর্ধনের গ্লাভসবন্দী হওয়ার আগে ৪টি চারসহ ৬১ রান করেন স্ট্রাউস। দিনের বাকি প্রায় ১৫ ওভারে আর কোনো সাফল্য পায়নি শ্রীলঙ্কা। সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা: প্রথম ইনিংস ২৭৫ (থিরিমান্নে ৮, দিলশান ১৪, সাঙ্গাকারা ০, জয়াবর্ধনে ১০৫, সামারাবীরা ৫৪, ম্যাথুস ৫৭, প্রসন্ন জয়াবর্ধনে ৭, রানদিভ ১২, প্রসাদ ১২*, হেরাথ ২, লাকমল ০; সোয়ান ৪/৭৫, অ্যান্ডারসন ৩/৬২, ব্রেসনান ২/৪৭, ফিন ১/৫১) ইংল্যান্ড: প্রথম ইনিংস ১৫৪/১ (স্ট্রাউস ৬১, কুক ৭৭*, ট্রট ১৫*; দিলশান ১/১৬) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯৪৫ঘ.