ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ দলের পাকিস্তান সফর অনিশ্চিত হয়ে পড়ায় ভীষণ ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ। তার মতে, এশিয়া কাপের ফাইনালে হেরে যাওয়ার কারণেই পাকিস্তানে যেতে রাজি হচ্ছে না বাংলাদেশ।
পাকিস্তানের পত্রিকা ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’কে আশরাফ বলেন, “শুরুতে দল পাঠাতে দারুণ আগ্রহী ছিলো বিসিবি। তবে এশিয়া কাপের ফাইনালে তারা হেরে যাওয়ার পরই সব কিছু ভেস্তে গেছে। এখন তারা বলছে সফর নিশ্চিত করার আগে সরকারের অনুমতি নেয়া প্রয়োজন।”
গত মাসের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বাধীন নয় সদস্যের একটি প্রতিনিধি দল নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে পাকিস্তান সফরে যায়। দেশে ফিরে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টিও প্রকাশ করেন বিসিবি সভাপতি।
তারপর থেকেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তনে ব্যাপারে আশাবাদী হয়ে ওঠে পিসিবি।
পরে অবশ্য বিসিবি জানিয়ে দেয়, পাকিস্তান সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকারই।
এটাকে ভালোভাবে নিতে পারেননি আশরাফ। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান সফরে না গেলেও পিসিবির তেমন ক্ষতি হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।
আশরাফ বলেন, “সফরটি এখনো ঝুলে আছে। বাংলাদেশ পাকিস্তানে না এলেও আমরা আশাহত হবো না। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে আমরা অন্য উপায় খুঁজে বের করার চেষ্টা করবো।”
যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় দল এখন পাকিস্তান সফর করছে। এই দলের খেলা টেলিভিশনে সরাসরি স¤প্র্রচার করে ক্রিকেট-বিশ্বে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টায় ব্যস্ত পাকিস্তান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮১১ঘ.
bdnews24