২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো জয়াবর্ধনেতে সওয়ার শ্রীলঙ্কা

আবারো শ্রীলঙ্কার হয়ে রুখে দাঁড়িয়েছেন অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। তার শতকের ওপর ভর করেই মঙ্গলবার কলম্বোতে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ৬ উইকেটে ২৩৮ রান করেছে শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 01:44 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবারো শ্রীলঙ্কার হয়ে রুখে দাঁড়িয়েছেন অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। তার শতকের ওপর ভর করেই মঙ্গলবার কলম্বোতে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ৬ উইকেটে ২৩৮ রান করেছে শ্রীলঙ্কা। ১ ছয় ও ১১ চারে ২১৬ বলে ১০৫ রান করেছেন জয়াবর্ধনে। সিরিজে এটা তার টানা দ্বিতীয় শতক, টেস্টে ৩১তম। গলে প্রথম টেস্টের প্রথম দিনের চিত্র এবং কলম্বোতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের চিত্র প্রায় এক। গলে টস জিতে ব্যাট করতে নেমে দ্রুত প্রথম তিনটি উইকেট হারানো শ্রীলঙ্কাকে পথ দেখিয়েছিলেন জয়াবর্ধনে। ওই ম্যাচ ৭৫ রানে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। মঙ্গলবারও পি সারা ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনের অসাধারণ এক স্পেলে (৫-১-১৯-৩!) ৩০ রানে প্রথম তিন উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। সেখান থেকে থিলান সামারাবীরাকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ১২৪ রানে জুটি গড়ে তোলেন জয়াবর্ধনে। ১২৯ বলে ৫টি চারের সাহায্যে ৫৪ রান করেন সামারাবীরা। দিনের ৭৩তম ওভারের প্রথম বল মিড-অনে ঠেলে দিয়ে শতকে পৌঁছান জয়াবর্ধনে। তবে নিজের ইনিংসকে আর বেশি দূর টেনে নিতে পারেননি তিনি। দলীয় ২১৬ রানে গ্রায়েম সোয়ানের বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি। যদিও আম্পায়ারের সিদ্ধান্তে সন্দেহ প্রকাশ করে রিভিউ চেয়ে ছিলেন শ্রীলঙ্কার এই অধিনায়ক। শেষ বিকেলে প্রাসান্না জয়াবর্ধনের (৭) উইকেটটি তুলে নিয়ে ম্যাচে ফেরে ইংল্যান্ড। চোট কাটিয়ে দলে ফেরা অ্যাঞ্জেলো ম্যাথুস ৪১ রানে অপরাজিত আছেন। সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা: প্রথম ইনিংস ২৩৮/৬ (থিরিমান্নে ৮, দিলশান ১৪, সাঙ্গাকারা ০, জয়াবর্ধনে ১০৫, সামারাবীরা ৫৪, ম্যাথুস ৪১*, প্রাসান্না জয়াবর্ধনে ৭, রনদ্বীপ ৫*; অ্যান্ডারসন ৩/৫২, ব্রেসনান ১/৩২, ফিন ১/৪৩, সোয়ান ১/৭১) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯২৫ ঘ.