ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফকে কেন্দ্র করে ঢাকা প্রিমিয়ার লিগের দুই ক্লাবের বাকবিতণ্ডায় বিরক্ত খোদ ইউসুফ বলেন, ক্যারিয়ারে কখনোই ওই ধরণের পরিস্থিতিতে পড়তে হয়নি তাকে।
পাকিস্তানের পত্রিকা ‘দ্য ডেইলি টাইমস’কে ইউসুফ বলেন, “এখানে বিস্ময়কর ও অশ্র“ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগে কখনো আমাকে এ ধরণের পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি।”
“আমি ক্রিকেট থেকে বিচ্ছিন্ন হতে চাই না বলেই এখানে খেলতে এসেছি,” যোগ করেন এই ব্যাটসম্যান।
ঘটনার সূত্রপাত বুধবার আবাহনী-ভিক্টোরিয়া ম্যাচে। ভিক্টোরিয়ার পক্ষে ওই দিন ইউসুফের মাঠে নামার কথা জানতে পেরে ম্যাচের মাঝপথে ‘অবৈধ ক্রিকেটার’ খেলনোর অভিযোগ এনে খেলতে অস্বীকৃতি জানায় আবাহনী।
পরে অনিবার্য কারণে সাময়িকভাবে লিগের খেলা স্থগিত করা হয়।
২০১০-১১ মৌসুমে মোহামেডানের হয়ে খেলা ইউসুফ চলতি লিগে ভিক্টোরিয়ার হয়ে খেলার জন্য ২৭ মার্চ লিগের আয়োজক সংস্থা ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসে (সিসিডিএম) নাম নিবন্ধন করান। ১৫.০১.১১ তারিখে মোহামেডান স্পোর্টিং ক্লাবের দেয়া ছাড়পত্রের অনুলিপিও জমা দেন তিনি। যদিও ছাড়পত্রে ওই সময়ে মোহামেডান ক্রিকেট কমিটির সভাপতি লুৎফর রহমান বাদলের সক্ষর আছে। বাদল বর্তমানে ভিক্টোরিয়ার গভর্নিং কাউন্সিলের প্রধান।
পরে মোহামেডান দাবী করে ওই ছাড়পত্র ‘জাল’।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১১৪ ঘ.
bdnews24