২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলে অংশ নিতে ঢাকা ছাড়লেন সাকিব

কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে রোববার বিকেলে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন সাকিব আল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2012, 12:17 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে রোববার বিকেলে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন সাকিব আল হাসান। গত বছর আইপিএল ও ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আন্তর্জাতিক ক্রিকেটে কাজে লেগেছে বলে মনে করেন সাকিব। গতবার নাইট রাইডার্সের হয়ে বল হাতে সাফল্য পেলেও ব্যাটসম্যান হিসেবে তেমন সুবিধা করে উঠতে পারেননি। এবার ব্যাট হাতেও সফল হতে চান টেস্ট-ওয়ানডে দুটোরই অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা সাকিব। বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, “আইপিএল ও ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতা খুব কাজে লেগেছে। সেখানে খেলার অভিজ্ঞতা নিয়ে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে আলোচনাও করেছি।” “আইপিএলে গত আসরে বল হাতে ভালো করলেও ব্যাট হাতে তেমন ভালো করিনি। এবার ব্যাটিংয়েও ভালো করতে চাই,” যোগ করেন তিনি। সব ধরনের ক্রিকেটে দারুণ সময় কাটানো সাকিব এবারের আইপিএলে সাফল্য পাওয়ার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী। তিনি বলেন, “ভালো করার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। আমার লক্ষ্য যত বেশি সম্ভব ম্যাচ খেলা।” আইপিএলে এটি সাকিবের দ্বিতীয় মৌসুম। আইপিএলে পুনে ওয়ারিয়র্সের হয়ে খেলতে সোমবার ভারতের উদ্দেশে রওনা দেবেন জাতীয় দলের আরেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার তামিম ইকবাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮০৭ঘ.