ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা আইপিএলের এবারের আসরে পুনে ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামবেন তামিম ইকবাল। বুধবার পুনে ওয়ারিয়র্স কর্তৃপক্ষ ও তামিমের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সাক্ষর হয়েছে।
চোটে পড়া অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জেমস হোপসের বদলে তামিমকে দলে টেনে ১১ বিদেশি খেলোয়াড়ের কোটা পূরণ করেছে পুনে ওয়ারিয়র্স। এ সপ্তাহে অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্কের সঙ্গেও আনুষ্ঠানিক চুক্তি করেছে ক্লাবটি।
আইপিএলে খেলার সুযোগ পেয়ে দারুণ খুশি তামিম বলেন, “এ বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ক্রিকেটের এই ফরম্যাটে নিজেকে প্রমাণের জন্য আইপিএলে খেলতে পারা আমার জন্য অনেক বড় সুযোগ।”
“এছাড়া সৌরভ গাঙ্গুলী ও মাইকেল ক্লার্কের মত বড় খেলোয়াড়দের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারবো। আমি ক্রিকেট নিয়ে প্রচুর কথা বলতে পছন্দ করি। তাই তাদের সঙ্গে খেলতে পারা আমার জন্য অনেক সৌভাগ্যের বলেও আমার মনে হয়। তাদের কাছ থেকে আমি নতুন কিছু শিখতে চাই,” যোগ করেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।
তামিম দ্বিতীয় বাংলাদেশি খেলোয়াড় যিনি আইপিএলের পঞ্চম আসরে খেলবেন। এর আগে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হন টেস্ট ও ওয়ানডে র্যাংকিংয়ের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান।
গত সপ্তাহে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে পুনে কর্তৃপক্ষ ও তামিমের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু হয়ে। রোববার মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তামিম জানিয়েছিলেন, “পুনে ওয়ারিয়র্সের সঙ্গে আলোচনা হয়েছে। আশা করছি এ সপ্তাহের মধ্যে চুক্তির কাগজপত্র হাতে পেয়ে যাব।”
এর আগে মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা ও আব্দুর রাজ্জাক আইপিএলে খেলেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমআই/২০১৫ ঘ.
bdnews24