ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুপার লিগে এসে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের স্পন্সর খুঁজে পেয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। ২৫ লাখ টাকায় স্পন্সর হয়েছে ওয়ালটন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর হুমায়ুন কবীর বলেন, “আমরা চাই দেশের ক্রিকেট এগিয়ে যাক। সাধ্যের মধ্যে থাকলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যতবার আমাদের ডাকবে আমরা সাড়া দেব।”
স্পন্সর ছাড়াও চ্যাম্পিয়ন দলকে ২২০ লিটার ও রানার্সআপ দলকে ১৯০ লিটার ধারণকক্ষমতা সম্পন্ন ফ্রিজ, সর্বোচ্চ রান সংগ্রাহককে ১১০ সিসি প্রিজম হোন্ডা এবং সর্বোচ্চ উইকেট শিকারিকে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন পুরস্কারের ঘোষণা দেন তিনি।
লিগের শুরু থেকে স্পন্সর জোগার করতে না পারার ব্যর্থতা মেনে নিয়ে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, “এটা আমাদের নেতিবাচক দিক। তবে আমাদের বেশ কিছু সীমাবদ্ধতাও ছিল। মাঝখানে কিছু দিন সময় পাওয়ায় এগুলো নিয়ে কাজ করা গেছে। আশা করছি পরের মৌসুমে সময় মতো স্পন্সর পাওয়া যাবে।”
“টেলিভিশনে খেলা স¤প্রচারের ব্যাপারে কয়েকটি বেসরকারী স্টেশনের সঙ্গে কথা চলছে। এছাড়া জাতীয় প্রচার মাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে,” যোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিসিডিএম সদস্য সচিব ইকবাল ইউসুফ চৌধুরী নিকু, ওয়ালটনের দুই প্রতিনিধি এসএম জাহিদ হাসান ও উদয় হাকিম।
এতে নিকু বলেন, “দেরিতে হলেও এবার স্পন্সর পেয়েছি। আগামী বছর শুরু থেকেই স্পন্সর পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০৫২ ঘ.
bdnews24