ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় দলের সম্মানে শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ডিনার পার্টি রূপ নেয় সাকিব আল হাসান ও তামিম ইকবালের জন্মদিনের উৎসবে।
শনিবার (২৪ মার্চ) ছিল সাকিবের ২৫তম জন্মবার্ষিকী। আর ২০ মার্চ ছিল তামিমের জন্মদিন। দুই তারকাসহ পুরো জাতীয় দলকে সম্মান জানাতে গিয়ে বিসিবিও সাকিব-তামিমের জন্মদিন পালনে বিশেষ পরিকল্পনা নেয়।
রাত ৮টা থেকেই হোটেল ওয়েস্টিনে ডিনার পার্টিতে ক্রিকেটাররা এসে উপস্থিত হন। রাত সাড়ে ৯টার দিকে আসেন সাকিব। এ সময় তাকে কেক কাটার আমন্ত্রণ জানানো হলেও তামিমকে ছাড়া তিনি কেক কাটতে রাজি ছিলেন না। পরে বন্ধু তামিমকে নিয়ে কেক কাটেন তিনি।
বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল, বিসিবি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুব আনাম, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, তিন নির্বাচক, অধিনায়ক মুশফিকুর রহিমসহ জাতীয় দলের খেলোয়াড়রা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ দিকে সাকিব তার প্রতিক্রিয়ায় বলেন, “আমি সাধারণত জন্মদিন পালন করি না। পুরো দিন বিশ্রাম করে কাটাই। এশিয়া কাপের উপলক্ষ্যে এবার জন্মদিনটা পালন হলো।
“আজ সারাদিন অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। এর সঙ্গে এই অনুষ্ঠান- ভাল লাগছে।”
তিনি বলেন, “আমাদের এখনকার লক্ষ্য ধারাবাহিকতা ধরে রাখা আর সামনে এগিয়ে যাওয়া।”
একই কথা বলেন মুশফিকও। তিনি বলেন, “এশিয়া কাপের পারফরম্যান্স ধরে রাখতে পারাটাই আমাদের কাজ। ফাইনালে যেমন খেলেছি তেমনটা সামনের ম্যাচগুলোতে খেলতে পারলে ভাল লাগবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/পিডি/০০১৫ ঘ.
bdnews24