ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ পর্ব শুরু হচ্ছে রোববার থেকে।
প্রথম দিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী খেলবে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের সঙ্গে। বিকেএসপিতে মোহামেডান খেলবে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে আর ফতুল্লায় ভিক্টোরিয়ার প্রতিপক্ষ শেখ জামাল।
প্রথম পর্বের খেলা শেষে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ওল্ড ডিওএইচএস। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভিক্টোরিয়া। ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় গাজী ট্যাঙ্ক, চারে থাকা আবাহনীর পয়েন্ট ১২। ১০ পয়েন্ট করে নিয়ে পাঁচ ও ছয়ে রয়েছে শেখ জামাল ও মোহামেডান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কারণে প্রথম পর্ব শেষে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যায় ঢাকা লিগ।
৬ এপ্রিল অনুষ্ঠিত হবে সুপার লিগের শেষ পর্বের খেলা। এর আগে ২৮ মার্চ, ৩১ মার্চ ও ৩ এপ্রিল প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
এর আগে কলাবাগানের বিপক্ষে সময় মতো মাঠে পৌঁছাতে না পারায় প্রথম বিভাগে নামিয়ে দেয়া হয় সূর্যতরুণকে। এছাড়া প্লে অফ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরে প্রথম বিভাগে নেমে গেছে বাংলাদেশ বিমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০৩৯ ঘ.
bdnews24