২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শুধু একটা জাদুর জন্য অপেক্ষা’

ইতিহাস গড়তে বাংলাদেশ ক্রিকেট দলের প্রয়োজন আর মাত্র একটি জয়। এশিয়া কাপের ফাইনালে দলের বিজয়ের বিষয়ে আশাবাদী বাংলাদেশের ক্রিকেট ভক্তরাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2012, 07:03 AM

Updated : 24 Aug 2022, 11:02 AM

আশিক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইতিহাস গড়তে বাংলাদেশ ক্রিকেট দলের প্রয়োজন আর মাত্র একটি জয়। এশিয়া কাপের ফাইনালে দলের বিজয়ের বিষয়ে আশাবাদী বাংলাদেশের ক্রিকেট ভক্তরাও। শুধু ক্রিকেট ভক্তরাই নয়, বাংলাদেশ ফাইনালে খেলছে বলে খেলা নিয়ে উৎসাহের কমতি নেই সাধারণ মানুষের মাঝেও। তবে শেষ মূহুর্তে টিকেটের জন্য হন্য হয়ে ঘুরলেও তা না পাওয়ায় হতাশ হতে হয়েছে অনেককেই। বৃহস্পতিবার দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে ম্যাচ খেলছে বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তান। মাঠে বসে ম্যাচটি উপভোগ করতে শেষ মুহূর্তের টিকিটের আশায় সকাল থেকেই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভিড় করছেন ক্রিকেটপ্রেমীরা। তবে টিকেট পাওয়া যাচ্ছে না কোথাও। এ টিকেট এখন আক্ষরিক অর্থেই যেনো ‘সোনার হরিণ’। কালোবাজারে কিছু টিকিটের সন্ধান মিললেও দাম হাঁকা হচ্ছে প্রায় ১০-১৫ গুণ বেশি। ষ্টেডিয়ামের সামনে টিকেটের খোঁজে আসা মোশাররফ হোসেন সজীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কালোবাজারীতে গ্যালারির দুইটা টিকেট পেয়েছিলাম। আসল দাম ২শ’ টাকা করে হলেও প্রত্যেকটার দাম চাইলো ৩ হাজার টাকা করে। পরে আর কেনা হয়নি।” টিকেট কিনতে আসা আরেক ক্রিকেটভক্ত তানভির আহসান বলেন, “সুযোগ বুঝে টিকেটের দাম হাঁকাচ্ছে অনেক।” তিনি জানান, সকালে ইস্টার্ন গ্যালারির ২শ’ টাকার টিকেট ৪ হাজার টাকায়, ইন্টারন্যাশনাল গ্যালারির ৬শ’ টাকার টিকেট ৮ হাজার টাকায়, ক্লাব হাউসের ৬শ’ টাকার টিকেট সাড়ে ৮ হাজার টাকায় এবং গ্র্যান্ড স্ট্যান্ডের ২ হাজার টাকার টিকেট ১৫ হাজার টাকাতেও বিক্রি হয়েছে। হতাশা নিয়ে ফিরেছেন আশা বিশ্ববিদ্যালয়ের রহমতুল্লাহ শামসুল লিটু। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভেবেছিলাম সকাল সকাল ষ্টেডিয়ামে আসলে টিকেটের একটা ব্যবস্থা হবে। টিকেট না পেয়ে এখন হতাশ হয়ে ফিরতে হচ্ছে।” এখনো টিকেটের আশায় স্টেডিয়াম এলাকায় রয়েছেন অনেকেই। ধানমণ্ডির আব্দুল মঈন বলেন, “এখনো টিকিট পাইনি। খুঁজছি, যদিও পাওয়ার আশা খুব কম।” টিকেটের ঝামেলায় না গিয়ে ঘরে বসে খেলা দেখার জন্য অফিস থেকে ছুটি নিয়েছেন অনেকেই। ছুটি দিয়ে দেওয়া হয়েছে অনেক স্কুল-কলেজেও। ধানমণ্ডি স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক কামরুল হাসান শাকিল বলেন, “ফাইনাল খেলা দেখার জন্য আমরা শিক্ষক-শিক্ষার্থীরা অধ্যক্ষকে অনুরোধ করে আজ (বৃহস্পতিবার) ছুটি নিয়েছি। আশা করি দল আমাদের হতাশ করবে না।” মোহাম্মদপুর এলাকার বাসিন্দা জাকারিয়া হোসেন ইমন বলেন, “শুধু একটা জাদুর জন্য অপেক্ষা করছে পুরো দেশ। আমরা টাইগারদের সাফল্যের বিষয়ে আশাবাদী।” খেলার টিকেটের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ন্যাশনাল সিকিউরিটিজ এন্ড গ্রাউন্ডস ম্যানেজার মো আব্দুল বাতেন বলেন, “খেলার সব টিকেট গতকালই ফুরিয়ে গেছে। তবুও সকাল থেকেই অনেকে ভিড় করছেন। আমাদের দুঃখিত হওয়া ছাড়া আসলে কিছুই বলার নেই।” এদিকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফাইনাল খেলাকে ঘিরে ক্রিকেট ভক্তদের সরব দেখা গেছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেইসবুকেও। বাংলাদেশ দলকে উৎসাহ ও শুভকামনা জানিয়ে পোস্ট দিচ্ছেন ফেইসবুক ব্যবহারকারী বাংলাদেশিরা। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থানরত তাসনিয়া সফদার ফেইসবুকে লিখেছেন, “হারি জিতি, নাহি লাজ...বাংলাদেশের সাথে থাকবো আজ অ্যাট শের-ই-বাংলা ন্যাশনাল স্টেডিয়াম।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/কিউএইচ/জেকে/১৩০০ ঘ.