ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়া কাপের ফাইনালের আগে আত্মবিশ্বাসের অভাব নেই মুশফিকুর রহিমের মনে। ধারাবাহিকভাবে ভালো খেলার লক্ষ্যের কথাও জানালেন বাংলাদেশের অধিনায়ক।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “ফাইনালে জেতা কঠিন, তবে অসম্ভব নয়। এই টুর্নামেন্টে আমরা ধারাবাহিকভাবে ভালো খেলছি। আশা করি শেষ ম্যাচেও তা বজায় থাকবে।”
ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে ভীষণ উচ্ছ্বসিত মুশফিক। তবে তিনি মনে করেন, উৎসবটা এখনও পরিপূর্ণ হয়নি। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে দেশকে প্রথম এশিয়া কাপের শিরোপা এনে দিতে পারলেই তা হবে।
ফাইনালে খেলার চাপ প্রসঙ্গে মুশফিক বলেন, “আমরা কোনো চাপ নিচ্ছি না। প্রতি ম্যাচে ধারাবাহিকভাবে উন্নতি করাই আমাদের লক্ষ্য।”
“পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও হার মেনেছি। ভারতের সঙ্গে পরের ম্যাচে লড়াই করে জয় পেয়েছি। আর শ্রীলঙ্কার সঙ্গে সর্বশেষ ম্যাচে আরও ভালো খেলে জিতেছি। বড় দলগুলোর বিপক্ষে ধারাবাহিকভাবে ভালো খেলতে পারলে আত্মবিশ্বাস এমনিতেই বেড়ে যায়,” যোগ করেন তিনি।
ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিনটি বিভাগেই ভালো করার জন্য এশিয়া কাপের পাঁচ বারের চ্যাম্পিয়ন ভারত ও চার বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারানো সম্ভব হয়েছে বলে মনে করেন মুশফিক। তিনি বলেন, “তিন বিভাগেই আমরা ভালো করছি। অতীতে আমাদের দলের এক বা দুজন হয়তো ভালো খেলতো। এবার তা হচ্ছে না। প্রতি ম্যাচেই পাঁচ-ছয় জন ভালো খেলছে।”
তবে পাকিস্তানকে নির্দ্বিধায় কঠিন প্রতিপক্ষ হিসেবে মেনে নিচ্ছেন মুশফিক। তিনি বলেন, “পাকিস্তান খুবই শক্তিশালী দল। তাদের দলে আমাদের চেয়ে অনেক বেশি ম্যাচ জেতানো খেলোয়াড় আছে। বিশ্ব ক্রিকেটে এমন দল খুব বেশি নেই।”
“পাকিস্তানের বোলিং বিভাগ ভীষণ শক্তিশালী। সাঈদ আজমলকে সাবধানে খেলতে হবে। ওদের ওপরের সারির ব্যাটিংও শক্তিশালী। তবে শুরুতে উইকেট নিতে পারলে ওদের চাপে ফেলা সম্ভব,” যোগ করেন বাংলাদেশের অধিনায়ক।
নিজের দলের বোলারদের মধ্যে আলাদা করে মাশরাফির কথা বললেন মুশফিক। তিনি বলেন, “মাশরাফি ভাই নিজেও জানেন তিনি কত ভালো মানের বোলার। তার কাছে আমাদের অনেক প্রত্যাশা।”
ফাইনালে আগে ব্যাট করলে অন্তত ২৮০ রান করতে চান মুশফিক। আর আগে ফিল্ডিং করতে হলে পাকিস্তানকে বেধে ফেলতে চান ২৭০-এর মধ্যে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০০৬ঘ.
bdnews24