২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে ওঠা বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 05:11 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে ওঠা বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলায় জয়ী হওয়ায় শেখ হাসিনা বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজারসহ সব কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছেন। সংসদ অধিবেশনে অংশ নিয়ে সেখানে থেকে সরাসরি স্টেডিয়ামে গিয়ে সপরিবারে বাংলাদেশের ইনিংস দেখেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ শেষ রান নেওয়ার পর প্রধানমন্ত্রী দাঁড়িয়ে করতালি দেন। এশিয়া কাপের চার বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে মঙ্গলবার রাতে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো এ প্রতিযোগিতার ফাইনালে ওঠে বাংলাদেশ। বৃহস্পতিবার ফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলবে স্বাগতিকরা। মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা ৪৯ ওভার ৫ বলে অলআউট হওয়ার আগে ২৩২ রান করে। জিততে হলে বাংলাদেশকে করতে হতো ২৩৩ রান। কিন্তু শ্রীলঙ্কার ইনিংস শেষ হওয়ার পরপর ৩০ মিনিটের বৃষ্টির কারণে বাংলাদেশের ইনিংস শুরু হয় এক ঘণ্টা ৫০ মিনিট দেরিতে। ফলে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়ায় ৪০ ওভারে ২১২ রান। ইনিংসের ১৭ বলা বাকি থাকতেই ৫ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম এবং ৩০ ওয়ানডেতে তৃতীয় জয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২৩১০ ঘ.