আশিক হোসেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়া কাপের শেষ ম্যাচটি শ্রীলংকার জন্য শুধুই মান বাঁচানোর লড়াই হলেও বাংলাদেশের জন্য তা ফাইনালে ওঠার যুদ্ধ। মাঠে বসে এ খেলা উপভোগ করতে শেষ মুহূর্তের টিকিটের আশায় সকাল থেকেই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভিড় করছেন ক্রিকেটপ্রেমীরা।
অবশ্য স্টেডিয়ামের টিকিট কাউন্টারে টিকিট না পেয়ে হতাশ হয়েই ফিরতে হয়েছে তাদের।
ম্যাচের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিকিউরিটিজ এন্ড গ্রাউন্ডস ম্যানেজার মো. আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ম্যাচ ঘিরে মানুষের উৎসাহের কমতি নেই। সব টিকেট আগেই শেষ হয়ে গেছে। তারপরও ক্রিকেট ভক্তরা টিকেটের আশায় ভিড় করেছেন।”
মঙ্গলবার মিরপুর দুপুর ২টায় মুখোমুখি হচ্ছে এ দুই দল। শ্রীলংকাকে হারাতে পারলেই বাংলাদেশ ফাইনালে। এশিয়া কাপে ভালো ফর্মে থাকা বাংলাদেশ এ বাধা পেরিয়ে যাবে বলেই প্রত্যাশা সমর্থকদের।
স্টেডিয়ামে ঢোকার অপেক্ষায় থাকা রাকিবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্টেডিয়ামে বসে খেলা দেখার জন্য আজ অফিস থেকে ছুটি নিয়েছি। অন্য ম্যাচগুলোর ধারাবাহিকতা বজায় থাকলে দল আজ জিতবেই।”
স্টেডিয়ামের সামনেই কথা হলো বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তা শহীদ মোহাম্মদ আদনানের সঙ্গে। বাংলাদেশ দলকে শুভ কামনা জানিয়ে তিনি বলেন, “আমাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে আজ। মাঠে শুধু দলের এগারো জনই খেলবে না। তাদের সাখে পুরো দেশ আজ মাঠে থাকবে। আমরা বিজয় ছিনিয়ে আনবো।”
মাঠে থেকে প্রিয় দলের খেলা যারা দেখতে পারছেন না, তাদের কণ্ঠেও রয়েছে দলের প্রতি অকুণ্ঠ সমর্থন। অ্যাপোলো হাসপাতালের ফার্মাসিস্ট মো. ফারহান জিহান বলেন, “আজ মাঠে যেতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তবে বাইরে থেকেই দলকে সর্বোচ্চ সমর্থন দিয়ে যাব।”
রাজধানীর নিকেতন এলাকার বাসিন্দা অনিক বলেন, “এশিয়া কাপ আমদের চাইই চাই। দলের জন্য বিশাল জয় কামনা করছি।”
এশিয়া কাপে তিন ম্যাচে বোনাস পয়েন্টসহ পাকিস্তানের ৯ পয়েন্ট। তাই ফাইনাল নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের।
তিন খেলায় দুই জয়ের সুবাদে ভারতের সংগ্রহ ৮ পয়েন্ট। দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৪। শ্রীলঙ্কাকে হারালে ভারতের সমান ৮ পয়েন্ট হবে বাংলাদেশের। তবে ‘হেড টু হেড’ অর্থাৎ মুখোমুখি লড়াইয়ে জয়ের সুবাদে তখন বিশ্ব চ্যাম্পিয়নদের পেছনে ফেলে বাংলাদেশই চলে যাবে ফাইনালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/১২৪২ ঘ.
bdnews24