ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর ডাকে তার সঙ্গে শুভেচ্ছা সাক্ষাতের পর শচীন টেন্ডুলকার বলেছেন, এটি তার জন্য বিরাট সম্মান।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ হয় সোমবার সন্ধ্যায়।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের শচীন বলেন, “এটা আমার জন্য বিরাট সম্মান।”
“প্রধানমন্ত্রী ক্রিকেট খেলা দেখেন এবং উনি ক্রিকেটের একজন ভক্ত।”
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব বিজন লাল দেব সাংবাদিকদের জানান, শুভেচ্ছা বিনিময়ে শচীন টেন্ডুলকারকে উপমহাদেশের গৌরব বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ১৬ মার্চ মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ক্যারিয়ারের শততম শতক করেন শচীন টেন্ডুলকার, যার জন্য গত একবছর ধরে প্রতীক্ষায় ছিল তার ভক্তরা।
ওই শতকের পরদিন প্রধানমন্ত্রী শচীনকে শুভেচ্ছা জানিয়ে ফুল-মিষ্টি পাঠান। এরপর সোমবার তাকে নিজ বাসভবনে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।
ভারতীয় ক্রিকেট দলের স্পন্সর সাহারা’র লোগো সম্বলিত সাদা টি-শার্ট ও কালো ট্রাউজার পরে শচীন টেন্ডুলকার গণভবনে আসেন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। তাকে বসতে দেওয়া হয় ‘কল অন’ রুমে।
তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আহম মুস্তাফা কামাল ও তার এক সহকারী।
প্রধানমন্ত্রী প্রবেশের আগেই সভাকক্ষে উপস্থিত হন শেখ রেহানা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, রেদোয়ান সিদ্দিক ববি ও তার স্ত্রী, সন্তান প্রমুখ। তাদের সঙ্গে খোশ মেজাজেই কথা বলতে থাকেন শচীন।
এর ১০ মিনিট পর হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী সভাকক্ষে প্রবেশ করেন। সোফায় বসার আগে ‘পুত্রøেহে’ শচীনের গায়ে হাত বুলিয়ে দেন শেখ হাসিনা।
প্রায় আধাঘণ্টা চলে শুভেচ্ছা বিনিময়ের আনুষ্ঠানিকতা। এরপর বেরিয়ে আসতেই সাংবাদিকদের মুখোমুখি হতে হয় বিশ্বের সবচেয়ে বেশি রান সংগ্রহ করা ব্যাটসম্যানটিকে।
একটা সেঞ্চুরি পেতে এক বছর লেগে গেল কেন- এক সাংবাদিকের এ প্রশ্নের জবাবে শচীন বলেন, “কয়েকবার কাছাকাছি গিয়েও সেঞ্চুরি হয়নি। তবে সুনির্দিষ্ট কোনো কারণ নেই।”
গত ১৬ মার্চ বাংলাদেশের বিপক্ষে ১৪৭ বলে ১১৪ রানের ইনিংস খেলেন শচীন যাতে ১২টি চার ও একটি ছক্কার মার ছিল।
গত বছরের ১২ মার্চ ভারতের মাটিতে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৯তম সেঞ্চুরি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২১২০ ঘ.
bdnews24