২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজে সমতা ফেরালো ওয়েস্ট ইন্ডিজ

রোববার দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৫ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2012, 11:56 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৫ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। ওয়ানডেতে প্রায় সাড়ে পাঁচ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই ওয়েস্ট ইন্ডিজের প্রথম জয়। ডন ব্র্যাডম্যানের দেশের বিপক্ষে ক্যারিবীয়দের সর্বশেষ ওয়ানডে জয় ছিলো ২০০৬ সালের অক্টোবরে মুম্বাইয়ে, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে। কিংসটাউনের আরনস ভেল গ্রাউন্ডে বৃষ্টির কারণে ৪০ ওভারে নেমে আসা ম্যাচে অফস্পিনার সুনীল নারায়ণের ঘূর্ণিতে বিপর্যস্ত অস্ট্রেলিয়া ৯ উইকেটে ১৫৪ রানের বেশি করতে পারেনি। মাত্র পঞ্চম ওয়ানডে খেলতে নামা নারায়ণ ৮ ওভারে ২৭ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩৭ রান আসে ডেভিড হাসির ব্যাট থেকে। অতিথিরা ১৫৪ করলেও ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ১৫৮ রান। এই লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি স্বাগতিকদের। ব্রেট লির করা ইনিংসের প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে যান কাইরন পাওয়েল। ১৯তম ওভারে ৭৪/৪-এ পরিণত ক্যারিবীয়রা আরেকটি হারের শঙ্কায় পড়ে গিয়েছিলো। কিন্তু ডোয়াইন ব্রাভোর (৩০) সঙ্গে কাইরন পোলার্ডের ৬৪ রানের জুটিতে দূর হয়ে যায় সব শঙ্কা। ৪টি বিশাল ছক্কায় ৪৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ থেকে ফেরেন পোলার্ড। মঙ্গলবার তৃতীয় ওয়ানডেও হবে কিংসটাউনে। সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ৪০ ওভারে ১৫৪/৯ (ওয়াটসন ২৫, ওয়ার্নার ১৩, ফরেস্ট ০, মাইক হাসি ২৪, ডেভিড হাসি ৩৭, বেইলি ২১, ক্রিস্টিয়ান ৬, ওয়েড ৩, লি ১১*, ম্যাকে ৬, ডোহার্টি ০*; নারায়ণ ৪/২৭, রোচ ২/২৩, স্যামি ১/১৯, ডোয়াইন ব্রাভো ১/৩০) ওয়েস্ট ইন্ডিজ: ৩৮.২ ওভারে ১৬৩/৫ (পাওয়েল ০, চার্লস ২৬, স্যামুয়েলস ২০, ড্যারেন ব্রাভো ১৬, ডোয়াইন ব্রাভো ৩০, পোলার্ড ৪৭*, বাফ ১৮*; ওয়াটসন ১/২৮, লি ১/৩৭, ডোহার্টি ১/৩৯) ফল: ওয়েস্ট ইন্ডিজ ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ৫ উইকেটে জয়ী ম্যাচ সেরা: সুনীল নারায়ণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭৫৩ঘ.