ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শততম সেঞ্চুরির পর প্রধানমন্ত্রীর পাঠানো মিষ্টি খেয়ে এবার গণভবনে যাচ্ছেন শচীন টেন্ডুলকার।
সোমবার সন্ধ্যা ৬টায় গণভবনে আসার জন্য তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমন্ত্রণ জানিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।
শাকিল বলেন, “প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সন্ধ্যা ৬টায় শচীন টেন্ডুলকারকে গণভবনে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসার বিষয়টি নিশ্চিত করেছেন।”
এর আগে শততম সেঞ্চুরির মাইলফলকে পৌঁছায় গত শুক্রবার মিষ্টি পাঠিয়ে শচীনকে শুভেচ্ছা জানান শেখ হাসিনা।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ১১৪ রান করে শততম শতকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটান ‘বিস্ময় বালক’ শচীন। টেস্টে তার শতক ৫১টি, ওয়ানডেতে ৪৯টি।
গত বছরের ১২ মার্চ নাগপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের খেলায় ৯৯তম শতকটি করেছিলেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/১৬২৭ ঘ.
bdnews24