ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাকে ক্রিকেটের ঈশ্বর নামে ডাকা হয়, শততম শতকের মাইলফলক স্পর্শ করার পথে নিজেই খুব চাপে ছিলেন বলে জানালেন শচীন টেন্ডুলকার।
শুক্রবার এশিয়া কাপে বাংলাদেশের সঙ্গে খেলায় টেস্ট ও একদিনের খেলায় শতরানের শতক পূর্ণ করেন এই শচীন, যেই কৃতিত্ব একমাত্র তারই।
খেলার পর সংবাদ সম্মেলনে ক্রিকেট ঈশ্বর বলে সম্বোধন করা হলে বিনয়ের সঙ্গে টেন্ডুলকার বলেন, “আমি মোটেও ঈশ্বর নই, ক্রিকেটার। রক্ত মাংসের মানুষ। সে কারণে যখন শতক পাচ্ছিলাম না, তখন বেশ হতাশ হয়ে পড়েছিলাম।”
“এই সময়টায় আমি ধৈর্য, হতাশা আর মানসিক দৃঢ়তার পরীক্ষা দিয়েছি। এ সময় অনেকে আমাকে সহায়তা করেছেন, উৎসাহ দিয়েছেন, আমার জন্য প্রার্থনা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই,” যোগ করেন তিনি।
১৯৯০ সালে ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শতক, তার পর ২২ বছরে আরো ৯৯টি শতক করলেন- প্রতিক্রিয়া জানান টেন্ডুলকার এভাবে- “৯৯টি শতক করার পরও আমি জানি, সেঞ্চুরি করা কত পরিশ্রমের। আমার শেষ শতকটিই ছিল সবচেয়ে কষ্টের।”
“এমন নয় যে আমি খারাপ খেলছিলাম। ইংল্যান্ডে একবার ৯ এর জন্য হল না, মুম্বাইয়ে খুব কাছে চলে গিয়েছিলাম। সেবার ৬ এর জন্য হয়নি। অস্ট্রেলিয়ায় বেশ কয়েকবার ভালো শুরু হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত পারি নি। শেষ পর্যন্ত এবার হয়েছে,” তৃপ্ত কণ্ঠ টেন্ডুলকারের।
শতক নিয়ে খুব চাপে ছিলেন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে ঐচ্ছিক অনুশীলনেও মাঠে এসে একবেলা ব্যাটিং অনুশীলন করেন তিনি।
ঠিক কখন বুঝতে পারলেন আজই শতরানের শতক হয়ে যাচ্ছে- জানতে চাইলে টেন্ডুলকারের উত্তর কৌশলী- “আমি শুধু শতকের পরিকল্পনা নিয়ে মাঠে নামিনি। তবে হ্যাঁ, শতক করার মানে হচ্ছে দলের সংগ্রহে একটা বড় অবদান রাখা।”
“আমি স্কোর বোর্ডে দিকে না তাকানোরই চেষ্টা করেছি। দলের পরিকল্পনা অনুযায়ী ব্যাট করার চেষ্টা করেছি। সব সময়ই আমার ভাবনায় ছিলে একটি সম্মানজনক সংগ্রহ দাঁড় করানো। ২৭০/২৮০ রানকেই আমাদের কাছে যথেষ্ট মনে হয়েছিল,” যোগ করেন টেন্ডুলকার।
“মাইলফলকে বিশ্বাস করি না, আমি খেলতে পছন্দ করি। আর পছন্দ করি অনুশীলন। নিজেকে যতটা সম্ভব প্রস্তুত রাখতে চাই। যতদিন উপভোগ করছি ততদিন খেলব,” গত কয়েক খেলার পর দেশে অবসর নেওয়ার দাবি জোরেশোরে ওঠারই যেন জবাব দিলেন তিনি।
শতকের মাইলফলক স্পর্শের পর এখন অবসরের চিন্তা আসছে কি না- জানতে চাইলে টেন্ডুলকার বলেন, “খেলার ছাড়ার সময় হলে সবাইকে জানিয়েই ছাড়ব।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এমআই/০০৫৮ ঘ.
bdnews24