ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফিল্ডিংয়ের সময় ডান কাঁধে চোট পাওয়া শফিউল ইসলাম ভারতের বিপক্ষে ব্যাট করতে পারবেন না।
ভারতের ইনিংসের ২৭তম ওভারের প্রথম বলে ডিপ স্কয়ার লেগে শচীন টেন্ডুলকারের চার ঠেকাতে গিয়ে কাঁধে চোট পেয়ে মাঠে ছাড়েন তিনি।
বাংলাদেশ দলের ফিজিও বিভব সিং অবশ্য জানিয়েছেন, ডানহাতি পেসার শফিউলের চোট তেমন গুরুতর নয়।
তিনি বলেন, “এক্স-রে রিপোর্ট দেখে নিশ্চিত হওয়া গেছে শফিউলের কোনো হাড় ভাঙ্গেনি।”
“২০ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে তিনি খেলতে পারবেন কি না তা জানার জন্য আগামীকাল (শনিবার) তার কাঁধে স্ক্যান করানো হবে,” যোগ করেন বিভব সিং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০২০ঘ.
bdnews24