ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেই জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার হ্যামিল্টনে প্রথম ইনিংসে ২৫৩ রানে গুটিয়ে গেলেও ৬৮ রানের বেশ ভালো লিড পেয়েছে অতিথিরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ৬৫ রান। অর্থাৎ হাতে ৬ উইকেট নিয়ে স্বাগতিকরা পিছিয়ে ৩ রানে।
২ উইকেটে ২৭ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকাকে কোনো ক্ষতি ছাড়াই ৬৩ রান পর্যন্ত নিয়ে গিয়েছিলেন আলভিরো পিটারসেন ও হাশিম আমলা। কিন্তু তার পর হঠাৎ করেই তাদের বিপদের সূচনা। এক দুর্দান্ত স্পেলে মার্ক গিলেস্পি আমলা, পিটারসেন, জ্যাক ক্যালিস ও জ্যাক রুডলফকে ফিরিয়ে দিলে ৮৮/৬-এ পরিণত হয় সফরকারীরা।
সেখান থেকে দলের হাল ধরেন এবি ডি ভিলিয়ার্স ও মার্ক বাউচার। দুজনের ৬৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। ২৪ রান করে গিলেস্পির পঞ্চম শিকারে পরিণত হন বাউচার। তবে ডি ভিলিয়ার্স টেল এন্ডারদের কাছ থেকে ভালোই সহায়তা পেয়েছেন।
৮৩ রান করে ডি ভিলিয়ার্স বিদায় নেয়ার পর মর্নে মরকেল (অপরাজিত ৩৫) ও শেষ ব্যাটসম্যান ইমরান তাহিরের (১৬) দৃঢ়তায় আড়াই শ পেরোয় দক্ষিণ আফ্রিকা। ৫৯ রানে ৫ উইকেট নেয়া গিলেস্পি নিউজিল্যান্ডের সেরা বোলার। মাত্র চতুর্থ টেস্ট খেলতে নামা এই ডানহাতি পেসারের এটি দ্বিতীয় বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে স্টেইন আর ফিল্যান্ডারের তোপে শুরুতেই বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড। ইনিংসের দ্বিতীয় ওভারেই রব নিকোলকে বোল্ড করেন ফিল্যান্ডার। ফিল্যান্ডারের পরের ওভারে ব্রেন্ডন ম্যাককালামও এলবিডব্লিউ। পরের ওভারে স্টেইন মার্টিন গাপটিলকে আমলার ক্যাচ বানালে স্কোর দাঁড়ায় ৭/৩।
এমন ভয়ঙ্কর অবস্থায় রুখে দাঁড়ান রস টেলর ও কেন উইলিয়ামসন। দুজনের ৫৭ রানের জুটিতে স্বাগতিক-শিবিরে যখন একটু-একটু করে স্বস্তি ফিরে আসছে ঠিক তখনই স্টেইন এলবিডব্লিউর ফাঁদে ফেলেন টেলরকে (১৭)।
দিনের বাকি ২ ওভার ড্যানিয়েল ভেট্টরিকে নিয়ে পার করে দেন উইলিয়ামসন। দিন শেষে উইলিয়ামসন ৪১ রানে অপরাজিত। ভেট্টরি কোনো রান করতে পারেননি।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ১৮৫ ও ৬৫/৪ (নিকোল ১, গাপটিল ১, ম্যাককালাম ৫, টেলর ১৭, উইলিয়ামসন ৪১*, ভেট্টরি ০*; স্টেইন ২/১০, ফিল্যান্ডার ২/২১)
দক্ষিণ আফ্রিকা: ২৫৩ (স্মিথ ১৩, পিটারসেন ২৯, স্টেইন ৪, আমলা ১৬, ক্যালিস ৬, ডি ভিলিয়ার্স ৮৩, রুডলফ ১, বাউচার ২৪, ফিল্যান্ডার ১৪, মরকেল ৩৫*, তাহির ১৬; গিলেস্পি ৫/৫৯, মার্টিন ২/৩৮, উইলিয়ামসন ১/১)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৩২ঘ.
bdnews24