ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়া কাপের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের জন্য ২৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫ ওভারে ৪ উইকেটে ২৪৪ রান করেছে বাংলাদেশ।
এক প্রান্তে মুশফিকুর রহিম ১০ ও অন্য প্রান্তে নাসির হোসেন ৪৭ রানে ব্যাট করছেন।
সাজঘরে ফিরে গেছেন নাজিমউদ্দিন (৫), তামিম ইকবাল (৭০), জহুরুল ইসলাম (৫৩) ও সাকিব আল হাসান (৪৯)।
এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শচীন টেন্ডুলকারের ৪৯তম ওয়ানডে এবং শততম আন্তর্জাতিক শতকের সুবাদে ৫ উইকেটে ২৮৯ রান করে ভারত।
ভারতের শুরুটা মোটেও ভালো হয়নি। দলীয় ২৫ রানে বিদায় নেন আগের ম্যাচে শতরান করা গৌতম গম্ভীর (১১)। শফিউল ইসলামের বলে বোল্ড হয়ে যান তিনি। ঠিক পরের বলেই ফিরতে পারতেন বিরাট কোহলিও। কিন্তু আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে এলবিডব্লিউর ফাঁদে পড়া থেকে রক্ষা পান তিনি।
দ্বিতীয় উইকেটে কোহলির সঙ্গে টেন্ডুলকারের ১৪৮ রানের জুটি ভারতের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। দলীয় ১৭৩ রানে আব্দুর রাজ্জাকের বলে বোল্ড হয়ে যান কোহলি।
টেন্ডুলকারের ইতিহাস জন্ম দেয়া ম্যাচে ইতিহাসের অংশ হতে পারতেন কোহলিও। প্রথম ভারতীয় ও পঞ্চম আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে টানা তিনটি ওয়ানডেতে শতক করার সুযোগ ছিল তার সামনে। কিন্তু আগের দুই ম্যাচে শতক করা কোহলি আউট হয়ে যান ৬৬ রান করে। ৮২ বলের ইনিংসটিতে ৫টি চার।
সম্ভবত øায়ুর চাপের জন্যই শততম শতকের কাছাকাছি গিয়ে ভীষণ সতর্ক হয়ে পড়েন টেন্ডুলকার। তবে অন্য প্রান্তে রানের চাকা সচল রাখার কাজ ভালো ভাবেই করছিলেন সুরেশ রায়না। তৃতীয় উইকেটে টেন্ডুলকারের সঙ্গে ৮৬ রানের চমৎকার জুটি গড়েন তিনি।
মাশরাফি বিন মর্তুজার করা ৪৭তম ওভারের চতুর্থ বলে তামিম ইকবালের দুর্দান্ত ক্যাচে পরিণত হওয়ার আগে রায়না করেন ৫১ রান। ৩৮ বলের আক্রমণাত্মক ইনিংসটি ৫টি চার ও দুটি ছক্কায় সাজানো। পরের বলেই মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে রায়নাকে অনুসরণ করেন ১১৪ রান করা টেন্ডুলকার। তার ১৪৭ বলের ইনিংসে ১২টি চার ও একটি ছক্কা।
বাংলাদেশের বিপক্ষে টেন্ডুলকারের এটাই প্রথম ওয়ানডে শতক। এর আগের ১১ ম্যাচে ২০০৪ সালের জুলাইয়ে কলম্বোয় করা অপরাজিত ৮২ রানের ইনিংসটিই ছিল সেরা।
এরপর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ১১ বলে অপরাজিত ২১ রানের সুবাদে তিন শ রানের কাছাকাছি স্কোর গড়ে ভারত।
৪৪ রানে ২ উইকেট নিয়ে মাশরাফি বাংলাদেশের সেরা বোলার।
এশিয়া কাপে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। স্বাগতিকরা হেরে গেলে ভারতের পাশাপাশি ফাইনাল নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানেরও।
নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ। আর বর্তমান চ্যাম্পিয়ন ভারত প্রথম ম্যাচে ৫০ রানে হারিয়েছে শ্রীলঙ্কাকে। দুই খেলায় ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তান।
শুক্রবার বাংলাদেশ দলে কোনো পরিবর্তন আসেনি। ভারতীয় দলে একটিই পরিবর্তন। বিনয় কুমারের বদলে খেলছেন আরেক পেসার অশোক দিন্দা।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ২৮৯/৫ (গম্ভীর ১১, টেন্ডুলকার ১১৪, কোহলি ৬৬, রায়না ৫১, ধোনি ২১*, রোহিত ৪, জাদেজা ৪*; মাশরাফি ২/৪৪, শফিউল ১/২৪, রাজ্জাক ১/৪১)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১১৮ ঘ.
bdnews24