ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা দুই জয়ে এশিয়া কাপের ফাইনালে এক পা দিয়ে ভীষণ খুশি পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। তবে তার চেয়েও বেশি খুশি হয়েছেন মাঝসারির ব্যাটসম্যানরা রানে ফেরায়।
ম্যাচ শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি বলেন, “মাঝ সারির ব্যাটসম্যানদের রানে ফেরা খুব প্রয়োজন ছিল। আজকে আমরা রান পেয়েছি বিশেষ করে আমি এবং উমর আকমল। ইংল্যান্ড সিরিজে এটা আমাদের খুব ভুগিয়েছে।”
তার ও আকমলের ১৫২ রানে জুটি দলের ব্যাটসম্যানদের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে বলে মনে করছেন মিসবাহ।
শ্রীলঙ্কার বিপক্ষে সহজ জয়ের ক্ষেত্র তৈরি করায় বোলারদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মিসবাহ। তিনি বলেন, “১৮৮ রানে অলআউট করে দিয়ে বোলাররা আমাদের দারুণ একটা সুযোগ এনে দেন। কুমার সাঙ্গাকারা ও উপুল থারাঙ্গার বড় জুটি নিয়ে মোটেও চিন্তা করিনি। এটা ছিল তাদের শেষ জুটি, সেকারণে মূল বোলারদের সে সময়ে ব্যবহার করেছি। জানতাম একটা উইকেট পেলেই খেলার চিত্র পাল্টে যাবে।”
“লক্ষ্য ছোট ছিল বলে ৩৩ রানে ৩ উইকেট হারানো পরও হার নিয়ে ভাবিনি। আমাদের কোনো তাড়াহুড়ো ছিল না। রান করার চাপ আমাদের ছিল না বরং উইকেট নেয়ার চাপ ছিল শ্রীলঙ্কার বোলারদের। সেকারণে লাসিথ মালিঙ্গার মতো বোলারকে খেলতেও আমাদের বেগ পেতে হয়নি,” যোগ করেন তিনি।
পরের ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত, ২০১১ সালের বিশ্বকাপ সেমিফাইনালের পর দুই দলের প্রথম দেখা। রোববারের ঐ ম্যাচের প্রসঙ্গ থাকলো সংবাদ সম্মেলনের একটা বড় অংশ জুড়ে।
মিসবাহ বলেন, “ভারত-পাকিস্তানের প্রীতি ম্যাচেও চাপ থাকে। এই ম্যাচে কেউ হারতে চায় না। কোনো সন্দেহ নেই দুই খেলোয়াড়রাই এসময় খুব চাপের মধ্যে থাকে।”
“আমার কাছে মনে হয় এটা নিজেদের প্রমাণ এবং পরীক্ষা করে নেয়ার একটা সুযোগ। আমরা জানি, এই ম্যাচ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এমন ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা করার কোনো সুযোগ নেই,” যোগ করেন তিনি।
শচীন টেন্ডুলকারের শতক নিয়ে আলাদা কোনো ভাবনা নেই বলে জানান মিসবাহ। তিনি বলেন, “ঐ শতক নিয়ে ভারত ভাববে, আমরা নই। আমরা নিজেদের খেলা নিয়ে ভাবছি।”
জয়ের জন্য পাকিস্তানের বোলারদের কৃতিত্ব দিয়েছেন পরাজিত দলের অধিনায়ক মাহেলা জায়াবর্ধনে। তিনি বলেন, “আমাদের ব্যাটিং ভালো হয়নি। বোলারদের লড়াই করার মতো পুঁজি এনে দিতে পারিনি আমরা।”
“কৌশলগত কারণে একজন বাড়তি বোলার নিয়ে খেলেছি আমরা। তবে পাকিস্তানের বোলারদের ভালো বোলিংয়ের কারণে আমরা স্কোর বোর্ডে যথেষ্ট রান জমা করতে পারিনি। সাঈদ আজমল, উমর গুলের উপস্থিতিতে পাকিস্তানের বোলিং আক্রমণ যথেষ্ট ধারালো, তাদের বিপক্ষে ৬ ব্যাটসম্যান নিয়ে আড়াইশ রান করা বেশ কঠিন,” যোগ করেন তিনি।
ভারত ও পাকিস্তানের মধ্যে কোন দলকে এগিয়ে রাখবেন, জানতে চাইলে অনেকটা কূটনৈতিক জয়াবর্ধনের জবাব। তিনি বলেন, “ভারতের মূল শক্তি তাদের ব্যাটিং, আর পাকিস্তানের বোলিং। নির্দিষ্ট দিন এবং উইকেটের ওপর নির্ভর করবে কোন দল এগিয়ে থাকবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৫৬ ঘ.
bdnews24