ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃহস্পতিবার এশিয়া কাপের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে সহজেই ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। বোনাস পয়েন্টসহ জয় পাওয়ায় পাকিস্তানের ফাইনাল প্রায় নিশ্চিত। টানা দ্বিতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে তারাই এখন সবার ওপরে। টানা দ্বিতীয় হারে শ্রীলঙ্কার ফাইনালের আগেই বিদায়ও নিশ্চিতই বলা যায়।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে কুমার সাঙ্গাকারা ও উপুল থারাঙ্গার অর্ধশতকের পরও ৪৫ ওভার ৪ বলে ১৮৮ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে অধিনায়ক মিসবাহ-উল-হক ও উমর আকমলের অর্ধশতকের সুবাদে ৩৯ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি পাকিস্তানের। সুরঙ্গা লাকমলের করা ইনিংসের নবম ওভারে উপুল থারাঙ্গাকে ক্যাচ দেন নাসির জামশেদ (১৮)। পাকিস্তানের রান তখন ২৯।
২ রান যোগ হওয়ার পর জামশেদকে অনুসরণ করেন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ (১১)। সিক্কুগে প্রসন্নর বলে দীনেশ চান্দিমালের দুর্দান্ত ক্যাচে পরিণত হন তিনি।
ব্যাট হাতে দুঃসময়ের ভেতর দিয়ে যাওয়া ইউনুস খান আবার ব্যর্থ। মাত্র ২ রান করে লাকমলের বলে ফারভিজ মাহারুফকে ক্যাচ দেন তিনি। ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে পাকিস্তান তখন বেশ অস্বস্তিতে।
তবে উমর ও মিসবাহর দৃঢ়তায় অস্বস্তি দূর হতে সময় লাগেনি। দুজনের ১৫২ রানের চমৎকার জুটিতেই পাকিস্তানের জয়ের সোপান রচিত। উমর মাহারুফকে পুল করতে গিয়ে থারাঙ্গার দারুণ ক্যাচে পরিণত হওয়ার সময় জয় থেকে মাত্র ৪ রান দূরে পাকিস্তান। হাম্মাদ আজমকে নিয়ে বাকি কাজটা সারতে মোটেও সমস্যা হয়নি পাকিস্তানের অধিনায়কের।
৭৭ রান করা উমরের ৭২ বলের ইনিংসে ৭টি চার ও ২টি ছক্কা। ব্যক্তিগত ৪৭ রানে তিনি অবশ্য একটা সহজ সুযোগ দিয়েছিলেন। কিন্তু ডিপ মিডউইকেটে থাকা লাহিরু থিরিমান্নে ক্যাচটা ধরতে পারেননি।
৯৩ বলে ৭২ রানে অপরাজিত মিসবাহর অধিনায়কোচিত ইনিংসটি ৯টি চার ও ১টি ছক্কায় সাজানো।
৩৭ রানে ২ উইকেট নেয়া লাকমল বল হাতে শ্রীলঙ্কার পক্ষে সফলতম।
এর আগে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের (১২) সঙ্গে তিলকরতেœ দিলশানের (২০) ৩৩ রানের উদ্বোধনী জুটি ভেঙ্গে যাওয়ার পর পরই বিপদে পড়ে যায় শ্রীলঙ্কা। দুজনকেই ফিরিয়ে পাকিস্তানকে শুরুতে সাফল্য এনে দেয়ার কৃতিত্ব ডানহাতি পেসার আইজাজ চিমার।
ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলে একস্ট্রা কাভারে মোহাম্মদ হাফিজের হাতে ধরা পড়েন জয়াবর্ধনে। চিমার পরের ওভারের প্রথম বলেই মিডউইকেটে সাঈদ আজমলকে ক্যাচ দেন দিলশান। এরপর উমর গুল দীনেশ চান্দিমালকে শূন্য হাতে ফেরালে ৪৭/৩-এ পরিণত হয় শ্রীলঙ্কা।
পরের ব্যাটসম্যান থিরিমান্নেও (৭) বেশিক্ষণ টিকতে পারেননি। ৬৫ রানে ৪ উইকেট হারিয়ে এশিয়া কাপ ও বিশ্বকাপের বর্তমান রানার্সআপরা তখন বেশ বিপদেই।
পঞ্চম উইকেটে সাঙ্গাকারা ও থারাঙ্গার ৯৬ রানের জুটি বিপদ সামলে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়ার স্বপ্ন দেখাচ্ছিলো শ্রীলঙ্কাকে। কিন্তু ৫৭ রান করা থারাঙ্গাকে সাঈদ আজমল বোল্ড করার পর তারা আর দাঁড়াতেই পারেনি।
৪ উইকেটে ১৬১ রানে পৌঁছালেও ২৭ রানে শেষ ৬ উইকেট হারিয়ে দু শ’ও করতে পারেনি শ্রীলঙ্কা। শেষ পাঁচ ব্যাটসম্যানের প্রত্যেকের এক অংকের ঘরে আউট হওয়াই এই ব্যাটিং-বিপর্যয়ের কারণ।
থারাঙ্গার বিদায়ের পর লড়াই চালিয়ে যাচ্ছিলেন সাঙ্গাকারা। কিন্তু চিমার বল ব্যাটের কানায় লেগে বোল্ড হয়ে যান তিনি। দলীয় ১৮২ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে সাঙ্গাকারার বিদায়ের সঙ্গে-সঙ্গেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার বড় সংগ্রহের সম্ভাবনা। ৭১ রান করা সাঙ্গাকারার ৯২ বলের ইনিংসটি ৪টি চার ও একটি ছক্কায় সাজানো।
৪৩ রানে ৪ উইকেট নিয়ে চিমা পাকিস্তানের সেরা বোলার। ওয়ানডেতে এটাই তার সেরা বোলিং। আজমল তিনটি ও উমর গুল দুই উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৪৫.৪ ওভারে ১৮৮ (জয়াবর্ধনে ১২, দিলশান ২০, সাঙ্গাকারা ৭১, চান্দিমাল ০, থিরিমান্নে ৭, থারাঙ্গা ৫৭, মাহারুফ ২, কুলাসেকারা ৪, প্রসন্ন ৫* মালিঙ্গা ১, লাকমল ০; চিমা ৪/৪৩, আজমল ৩/২৭, গুল ২/২০, আজম ১/২১)
পাকিস্তান: ৩৯.৫ ওভারে ১৮৯/৪ (হাফিজ ১১, জামশেদ ১৮, ইউনুস ২, মিসবাহ ৭২*, উমর ৭৭, আজম ৪*; লাকমল ২/৩৭, মাহারুফ ১/২৩, প্রসন্ন ১/৪৯)
ফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: আইজাজ চিমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১১৪ ঘ.
bdnews24