ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পায়ের চোটের কারণে শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসের এশিয়া কাপ শেষ হয়ে গেছে। তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্টের বর্তমান রানার্সআপরা।
বুধবার শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে জানান, “গত কয়েক দিনে বেশ কয়েকবার ম্যাথুসের ফিটনেস টেস্ট নেয়া হয়েছে। কিন্তু ঐ পরীক্ষাগুলোতে সে উৎরাতে পারেনি। তাই আমরা তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।”
গত ২ মার্চ কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে চোট পান ম্যাথুস। এরপর তিনটি ফাইনালের একটিতেও খেলতে পারেননি তিনি।
ম্যাথুসের বদলি হিসেবে অলরাউন্ডার শামিন্দা এরাঙ্গাকে এশিয়া কাপের দলে নিয়েছে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার আরেক অলরাউন্ডার থিসেরা পেরেরাও ২ মার্চের ম্যাচটিতে খেলার সময় পিঠে চোট পান। এরপর তিনিও আর মাঠে নামতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০০৮ঘ.
bdnews24