২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের প্রস্তুতিতে সন্তুষ্ট হোয়াটমোর

শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে পাকিস্তানের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট দলের কোচ ডেভ হোয়াটমোর। বলেছেন, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালের পথে একধাপ এগিয়ে থাকতে চান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 08:45 AM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে পাকিস্তানের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট দলের কোচ ডেভ হোয়াটমোর। বলেছেন, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালের পথে একধাপ এগিয়ে থাকতে চান তিনি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুর দুইটায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। পাকিস্তানের অনুশীলন শেষে বুধবার সাংবাদিকদের তিনি বলেন, “আমাদের প্রস্তুতি ভালো। খেলোয়াড়রা বেশ ভালো করছেন। পরের ম্যাচের প্রস্তুতি নেয়ার জন্য বেশ কয়েকদিন সময় পেয়েছি।” “গতকাল (মঙ্গলবার) আমরা প্রতিপক্ষের খেলা দেখার সুযোগ হয়েছে,” যোগ করেন তিনি। হোয়াটমোর বলেন, “কালকের (বৃহস্পতিবার) ম্যাচটি দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। এই ম্যাচ জিতলে আমরা ফাইনালের পথে অনেকখানি এগিয়ে যাবো।” নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ২১ রানে হারিয়েছে পাকিস্তান। আর ভারতের কাছে শ্রীলঙ্কা হেরেছে ৫০ রানে। খেলোয়াড়দের সঙ্গে আদান-প্রদান এখন পর্যন্ত খুব ভালো বলে মনে হচ্ছে হোয়াটমোরের। তিনি বলেন, “ খেলোয়াড়দের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। তাদের সঙ্গে আমার সমন্বয় খুব ভালো হচ্ছে।” বাংলাদেশের বিপক্ষে পাঁচ বোলার নিয়ে খেলে পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে একজন বাড়তি বোলার খেলানো হতে পারে বলে আভাস দিয়েছেন হোয়াটমোর। “দলে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। তবে দলের মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৪৩৯ ঘ.