ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতা কাটিয়ে এশিয়া কাপে আবারো জয়ের ধারায় ফিরতে চান ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে এজন্য দলের ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই ভালো করতে হবে বলে মনে করেন বর্তমান চ্যাম্পিয়ন দলটির অধিনায়ক।
শনিবার সকাল এগারটার দিকে ঢাকায় পৌঁছায় ভারতীয় দল। এশিয়া কাপের সবচেয়ে সফল এই দলটি এর আগে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে।
হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে ধোনি বলেন, “সা¤প্রতিক সময়ে আমরা খুব খারাপ খেলেছি এমন নয়। তবে আমরা ধারাবাহিকভাবে ভালো খেলতে পারছি না।”
“ধারাবাহিকভাবে ভালো ফল পেতে হলে এক সঙ্গে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভালো করতে হয়। যা আমরা করতে পারিনি,” যোগ করেন তিনি।
বিখ্যাত ব্যাটিং লাইন-আপ হলেও ভারতের দুর্বলতা বোলিং। বিষয়টি নিয়ে চিন্তিত ধোনি বলেন, “আমাদের বোলিং বিশেষ করে শেষ দশ ওভারে কারা বল করবে, পাওয়ার প্লেতে বোলিং কেমন হবে এমন কিছু বিষয় নিয়ে এখনো আমরা চিন্তা-ভাবনা করছি।”
২০১১ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেয়া বীরেন্দর শেবাগ এবার দলে নেই। তার অভাব দল অনুভব করবে বলেই মনে করেন ধোনি।
তিনি বলেন, “শেবাগ বিশ্বসেরা উদ্বোধনী ব্যাটসম্যানদের একজন। শুরুতেই যে কোনো বোলিং গুড়িয়ে দেয়ার ক্ষমতা রাখেন তিনি। আমরা শেবাগের অভাব অনুভব করবো।”
“তবে এটা ইউসুফ পাঠান, রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটারদের নিজেদের জায়গা পাকা করার একটা সুযোগও। পাওয়ার প্লে¬তে ইউসুফ খুব কার্যকর একজন ক্রিকেটার,” যোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনের একটা বড় অংশ জুুড়ে ছিলো রাহুল দ্রাবিড়ের অবসর প্রসঙ্গ। এ ব্যাপারে ধোনি বলেন, “ভারতের ক্রিকেটে রাহুল দ্রাবিড়ের অবদান অনেক । তার ক্যারিয়ার যে কারো কাছে ঈর্ষণীয়। মানুষ ও ক্রিকেটার হিসেবে তিনি আদর্শ।”
দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, অনিল কুম্বলে, সৌরভ গাঙ্গুলী, ভিভিএস লক্ষ্মণের মত খেলোয়াড়ের বিকল্প খুঁজে পাওয়া খুব কঠিন বলেও মনে করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৯২৯ ঘ.
bdnews24