ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফিটনেস সমস্যার কারণে এশিয়া কাপের জন্য ঘোষিত ১৪ সদস্যের মূল দলে সুযোগ পাননি তামিম ইকবাল। তবে এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান জানিয়েছেন, তিনি এখন সম্পূর্ণ সুস্থ।
বুধবার বাংলাদেশ দলের অনুশীলন শেষে তামিম বলেন, “আমি এখন সম্পূর্ণ ফিট। আমার কোনো সমস্যা নেই। অনুশীলনে আমাকে যা যা করতে বলা হয়েছিলো আমি তা ভালো ভাবেই করেছি।”
সোমবার রাতে তামিম ইকবালকে অপেক্ষমান তালিকায় রেখে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই পরিপ্রেক্ষিতে বুধবার সকালে পদত্যাগ করেন প্রধান নির্বাচক আকরাম খান।
বুধবার সকাল সাড়ে আটটায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রধান কোচ স্টুয়ার্ট ল’র কাছে রিপোর্ট করেন ক্রিকেটাররা।
এর পর জিম আর অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েন তারা। এর মধ্যেই বাংলাদেশ দলের ফিজিও বিভব সিং, ট্রেনার গ্র্যান্ট লুডেন এবং চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী ফিটনেস পরীক্ষা নেন তামিমের।
তামিম জানান, “তাদের কথা মতো আমি দৌড়েছি। তারা আমার কুঁচকির চোট পরীক্ষা করে কোনো সমস্যা পাননি। আমার শরীরে কোনো সমস্যা নেই।”
অনুশীলন শেষে কথা বলেন ইমরুল কায়েসও। তিনি জানান, “তামিমের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানের অনুপস্থিতি দলের ওপরে বাড়তি চাপ ফেলবেই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৪৭ঘ.
bdnews24