ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম সেমিফাইনালে ৩২২ রানের জয়ের লক্ষ্যে অল্পের জন্য পৌঁছাতে পারেনি শ্রীলঙ্কা। তবে কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ফাইনালে সেই ভুল করেনি তারা। মঙ্গলবার অস্ট্রেলিয়াকে সহজেই ৮ উইকেটে হারিয়ে বাঁচিয়ে রেখেছে শিরোপা জয়ের আশা।
শিরোপা নির্ধারণী তৃতীয় ফাইনাল হবে বৃহস্পতিবার।
অ্যাডিলেড ওভালে টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা তেমন ভালো হয়নি। দলীয় ৫৬ রানের মধ্যে বিদায় নেন ম্যাথু ওয়েড (১৪) ও শেন ওয়াটসন (১৫)।
তবে আগের ম্যাচে শতক করা উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক মাইকেল ক্লার্ক মিলে তৃতীয় উইকেটে ১৮৪ রানের জুটি গড়ে স্বাগতিকদের বড় সংগ্রহের ভিত গড়ে দেন। ওয়ার্নার কিছুটা ধীর গতিতে খেললেও ঝড় তোলেন ক্লার্ক।
টানা দ্বিতীয় শতক করার পরপরই লাসিথ মালিঙ্গার শিকারে পরিণত হন ওয়ার্নার। তার ১৪০ বলে খেলা ১০০ রানের ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কা। আর ৫টি চার ও ৪টি ছক্কায় মাত্র ৯১ বলে ১১৭ রান করে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যান ক্লার্ক। এটি অস্ট্রেলীয় অধিনায়কের সপ্তম ওয়ানডে শতক।
৪০ রানে ৩ উইকেট নিয়ে লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার।
২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নামা শ্রীলঙ্কাকে দুর্দান্ত সূচনা এনে দেন মাহেলা জয়াবর্ধনে ও তিলকরতেœ দিলশান। দুজনের ১৭৯ রানের উদ্বোধনী জুটিই অতিথিদের সহজ জয়ের ভিত্তি।
৭৬ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ৮০ রান করে অধিনায়ক জয়াবর্ধনে ফিরে যাওয়ার পর দ্বিতীয় উইকেটে দিলশান ও কুমার সাঙ্গাকারা ৫৫ রানের জুটি গড়েন।
১১৯ বলে ১০টি চারসহ ১০৬ রান করে দিলশান বিদায় নেয়ার সময় জয় থেকে ৩৮ রান দূরে শ্রীলঙ্কা। দীনেশ চান্দিমালকে (অপরাজিত ১৭) নিয়ে বাকি কাজটা সারতে বিন্দুমাত্র সমস্যা হয়নি সাঙ্গাকারার। তার অপরাজিত ৫১ রানের ইনিংসে ৫টি চার।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৭১/৬ (ওয়েড ১৪, ওয়ার্নার ১০০, ওয়াটসন ১৫, ক্লার্ক ১১৭, মাইকেল হাসি ৬, ডেভিড হাসি ৭, ক্রিস্টিয়ান ৪* ; মালিঙ্গা ৩/৪০, দিলশান ১/৪০)
শ্রীলঙ্কা: ৪৪.২ ওভার ২৭৪/২ (জয়াবর্ধনে ৮০, দিলশান ১০৬, সাঙ্গাকারা ৫১*, চান্দিমাল ১৭* ; ব্রেট লি ১/৪১, প্যাটিনসন ১/৪৭)
ম্যাচ সেরা: তিলকরতেœ দিলশান
ফল: শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৪১ঘ.
bdnews24