২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার থেকে সিটি ব্যাঙ্কে এশিয়া কাপের টিকেট

মঙ্গলবার থেকে সিটি ব্যাঙ্কে এশিয়ার কাপ ক্রিকেটের টিকেট বিক্রি শুরু হবে। এটি বাংলাদেশে এশিয়া কাপের তৃতীয় আসর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 04:13 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মঙ্গলবার থেকে সিটি ব্যাঙ্কে এশিয়ার কাপ ক্রিকেটের টিকেট বিক্রি শুরু হবে। এটি বাংলাদেশে এশিয়া কাপের তৃতীয় আসর। আগামী ১১ মার্চ প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ফাইনাল ২২ মার্চ। ফাইনালসহ ৭টি ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিযোগিতার অন্য দুই দল ভারত ও শ্রীলঙ্কা। ঢাকার ৯টিসহ সিটি ব্যাঙ্কের মোট ১২টি শাখায় টিকেট পাওয়া যাবে। একজন ব্যক্তি প্রত্যেক ম্যাচের সর্বোচ্চ দুটি করে টিকেট কিনতে পারবেন। ৯ ও ১০ মার্চ অর্থাৎ শুক্র ও শনিবারেও সিটি ব্যাঙ্কের কয়েকটি শাখায় বিশেষ ব্যবস্থায় টিকেট বিক্রি হবে। সোমবার মিরপুরে বিসিবির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এশিয়া কাপের আয়োজক স্থানীয় কমিটির আহ্বায়ক দেওয়ান শফিউল আরেফিন টুটুল বলেন, “মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের আসন অনুযায়ী প্রতি ম্যাচের জন্য ২৫ হাজার ৪৩৫টি টিকেট নির্ধারণ করা হয়েছে।” “দুপুর ২টা থেকে খেলা শুরু হলেও দর্শকদের জন্য সকাল ১১টায় স্টেডিয়ামের গেট খুলে দেয়া হবে,” যোগ করেন তিনি। এবারের এশিয়া কাপে টিকেটের সর্বনিু দাম ২০০ টাকা। এটি পূর্ব গ্যালারির টিকেট। উত্তর ও দক্ষিণ গ্যালারির টিকেটের দাম ৪০০ টাকা। এছাড়া শহীদ মোশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড ৬০০, আন্তর্জাতিক স্ট্যান্ড দেড় হাজার, গ্র্যান্ড স্ট্যান্ড ৪ হাজার, বিসিবি কর্পোরেট লাউঞ্জ ৫ হাজার এবং বিসিবি কর্পোরেট বক্সের টিকেটের দাম ১২ হাজার টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২০৮ঘ.