ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রতিভাবান খেলোয়াড়ের অভাব না থাকলেও ধারাবাহিকভাবে সাফল্য খুব কমই পেয়েছে পাকিস্তান। তবে নতুন কোচ ডেভ হোয়াটমোরের অধীনে এই সমস্যা দূর হবে বলেই পাকিস্তানের সাবেক তারকাদের বিশ্বাস।
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ ইন্তেখাব আলম বলেন, “আমার মনে হয় হারিয়ে ফেলা অনেক কিছুই আবার হোয়াটমোরের মাধ্যমে অর্জন করতে সক্ষম হবে পাকিস্তান ক্রিকেট। তার অতীত রেকর্ড খুবই ভালো। আশা করি তিনি পাকিস্তানের নৈপুণ্য বাড়াতে সক্ষম হবেন। যদিও সেজন্য কিছুটা সময় লাগবে।”
“কোচের দায়িত্ব দলের ধারাবাহিকতা ফিরিয়ে আনা। পাকিস্তান দলের মধ্যে এটার অভাব রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে খেলোয়াড়দের নিজেদের সেরাটা ঢেলে দেয়া এবং কোচের কথা শোনা,” যোগ করেন তিনি।
আমির সোহেলেরও বিশ্বাস, সা¤প্রতিক সময়ে পাকিস্তানের করা ভুলগুলোর সমাধানে দারুণ সাহায্য করতে পারবেন হোয়াটমোর। যদিও এটাকে হোয়াটমোরের জন্য কঠিন পরীক্ষা বলেই মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
তিনি বলেন, “হোয়াটমোরের প্রতি আমার শুভ কামনা রইল। আশা করি স¤প্রতি ওয়ানডে ক্রিকেটে আমাদের যে সব ভুল হয়েছে তিনি সেগুলো শোধরানোর দিকে মনযোগ দেবেন।”
“আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলের দায়িত্ব নিলে আপনাকে অবশ্যই চাপ সামলাতে হবে। সেই সঙ্গে আপনাকে বাস্তববাদীও হতে হবে। আশা করি লক্ষ্য পূরণের জন্য সকলেই তাকে সমর্থন করবেন,” যোগ করেন সোহেল।
হোয়াটমোরও জোর দিচ্ছেন ধারাবাহিকতার ওপরে। তিনি বলেন, “আমরা সবাই চাই দীর্ঘ সময় ধরে দল ভালো খেলুক। দুর্দান্ত খেললে একটি দল তো সবার ওপরেই থাকবেই। তবে আমরা চাই দুর্দান্ত খেলতে না পারলেও আমাদের দল যেন ভালো খেলে এবং জেতে।”
“আমরা চাই খারাপ খেলাকে পুরোপুরি মুছে ফেলতে। তবে শুধু ফলাফলের দিকে লক্ষ্য রেখে সেটা করা সম্ভব নয়। পুরো প্রক্রিয়ার দিকেই মনযোগ দেয়া দরকার,” যোগ করেন শ্রীলঙ্কা ও বাংলাদেশের সাবেক কোচ হোয়াটমোর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০০৬ঘ.
bdnews24