ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গঠনতন্ত্রের সংশোধনী অনুযায়ী এখন থেকে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সভাপতি নির্বাচন করা হবে। বৃহস্পতিবার বিসিবির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এই সংশোধনী আনা হয়।
মূলত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্দেশ অনুযায়ী বোর্ডকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ক্রিকেটারদের কাউন্সিলে থাকার সুযোগ বাদ দেয়া হয়েছে।
চূড়ান্ত হয়েছে আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্রও। একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে বিসিবির প্রধান নির্বাহীর (সিইও) পদ।
তবে এসব সংশোধনীর ব্যাপারে জাতীয় ক্রীড়া পরিষদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে বিসিবি।
ইজিএম শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল সভাপতি পদে নির্বাচন প্রসঙ্গে বলেন, “আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চাহিদা ছিল টেস্ট খেলুড়ে দেশগুলোর বোর্ডে নির্বাচিত সভাপতি। এবারের সংশোধনীর ফলে এখন থেকে নির্বাচিত সভাপতি পাবে বোর্ড।”
সিইও পদ না থাকায় বিসিবিতে কতটা পেশাদারিত্ব বজায় থাকবে জানতে চাওয়া হলে বিসিবি সভাপতি বলেন, “বিসিবির অনেক কাজই চালায় স্ট্যান্ডিং কমিটি। স্ট্যান্ডিং কমিটির সঙ্গে অনেক ক্ষেত্রেই সিইওর কাজ হয়ে দাঁড়ায় সাংঘর্ষিক।”
“এ কারণে তো আর সব স্ট্যান্ডিং কমিটি বাদ দেয়া যায় না। তাই সিইও পদই থাকছে না,” যোগ করেন তিনি।
সিইও’র বদলে অবশ্য প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) পদ সৃষ্টি করেছে বিসিবি।
আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন করার ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, “ক্রিকেটের বিকেন্দ্রীকরণ হচ্ছে। এর অংশ হিসেবে সর্বোচ্চ আটটি আঞ্চলিক ক্রিকেট অ্যসোসিয়েশন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে প্রথম পর্যায়ে আমরা ৬টি আঞ্চলিক অ্যাসোসিয়েশন নিয়ে কাজ শুরু করবো।”
“প্রথম দিকে আঞ্চলিক অ্যাসোসিয়েশনগুলো সক্ষমতা বৃদ্ধি নিয়ে কাজ করবে। এ সময়ে আমরা তাদের সব ধরণের সহায়তা দেবো। তবে এ ব্যাপারে সরকার ও জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন প্রয়োজন হবে,” যোগ করেন তিনি।
এর আগে সকালে বিসিবির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০০৯-১০ ও ২০১০-১১ মৌসুমের বাজেট পাস হয়। নিয়মানুযায়ী বার্ষিক প্রতিবেদনও উপস্থাপন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২২১০ ঘ.
bdnews24