২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসির নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন না আমির

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। স্পট ফিক্সিংয়ের অপরাধে পাঁচ বছরের জন্য সবধরণের ক্রিকেটে আমিরকে নিষিদ্ধ করেছে আইসিসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2012, 02:24 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। স্পট ফিক্সিংয়ের অপরাধে পাঁচ বছরের জন্য সবধরণের ক্রিকেটে আমিরকে নিষিদ্ধ করেছে আইসিসি। আইসিসির মুখপাত্র জানান, “আইনজীবীর মাধ্যমে আমির আমাদের জানিয়েছেন, নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করার কোনো ইচ্ছা তার নেই।” নিয়মানুযায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুইজারল্যান্ডের খেলাধূলা বিষয়ক সালিস-নিষ্পত্তি আদালতে আপিল করতে পারতেন আমির। তবে যুক্তরাজ্যের আদালতে নিজের দোষ স্বীকার করে নেয়ায় মামলা হলে তাতে আমির হেরে যেতেন বলেই মত বিশেষজ্ঞ আইনজীবীদের। ২০১০ সালের অগাস্টে লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে ইচ্ছাকৃতভাবে নো বল করার অপরাধে নভেম্বরে লন্ডনের একটি আদালত আমিরকে ছয় মাসের কারাদণ্ডও দেয়। তবে ভালো আচরণের কারণে তিন মাস শাস্তি ভোগ করে গত ১ ফেব্র“য়ারি মুক্তি পান তিনি। এরপর লন্ডন থেকে ২৬ ফেব্র“য়ারি দেশে ফেরেন আমির। আমির ছাড়াও একই অপরাধে পাকিস্তানের অন্য দুই ক্রিকেটার সালমান বাটকে দশ বছর (পাঁচ বছর বরখাস্ত) ও মোহাম্মদ আসিফকে সাত বছরের (দুই বছর বরখাস্ত) জন্য নিষিদ্ধ করে আইসিসি। এছাড়া বাটকে ৩০ মাসের ও আসিফকে ১২ মাসের কারাদণ্ড দেয় লন্ডনের আদালতটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০০৪ ঘ.