ঢাকা, ফেব্র“য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিপিএলের সেমিফাইনালে বরিশাল বার্নার্সের খেলার যৌক্তিকতা ব্যাখ্যা দেয়ার সংবাদ সম্মেলন জন্ম দিয়েছে আরো অনেক প্রশ্নের।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল শেষে ডাকা ঐ সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের সঙ্গে উপস্থিত ছিলেন ম্যাচ রেফারি মাইক প্রক্টর।
প্রক্টর অবশ্য নতুন কিছু বলেননি। সোমবার গভীর রাতে বিপিএল গভর্নিং কমিটির পাঠানো বিজ্ঞপ্তিই আরেকবার শুনিয়েছেন শুধু।
তিনি বলেন, “গত দুই দিনে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে। সে কারণে টেকনিক্যাল কমিটির সভায় অনেক আলোচনা করে আমাদের একটি সিদ্ধান্ত নিতে হয়েছে।”
“সিদ্ধান্ত নিতে যথেষ্ট সময় লেগেছে। তবে আমি মনে করি আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি,” যোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আলমগীর নিজেদের ভুল-ভ্রান্তির কথা অকপটে স্বীকার করেন। এ প্রসঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতি গাজী আশরাফ হোসেন লিপু এবং বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামালের বক্তব্যকে ‘ব্যক্তিগত’ হিসেবে মনে করেন তিনি।
চট্টগ্রাম কিংসের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এস কিউ গ্র“পের অন্যতম কর্ণধার সামির কাদের চৌধুরী ‘বিপিএলকে জুয়ার আসর’ হিসেবে দাবী করলেও তা মানতে নারাজ আলমগীর।
তিনি বলেন, “এটা সামির কাদের চৌধুরীর ব্যক্তিগত মতামত। টুর্নামেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা যথাসাধ্য উদ্যোগ নিয়েছি।”
“সামির কাদের লিখিত কোনো অভিযোগ করেননি। মুখে কেউ কোনো অভিযোগ করলে তা নিয়ে তো কিছু করার নেই,” যোগ করেন তিনি।
সোমবার সন্ধ্যায় গাজী আশরাফ সাংবাদিকদের জানিয়েছিলেন, “লিগ পর্বে পয়েন্ট সমান থাকা তিনটি দল নিজেদের মধ্যে ছয়টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ঢাকা গ্ল¬্যাডিয়েটর্স ৩টি, চট্টগ্রাম কিংস দুটি এবং বরিশাল বার্নার্স একটি ম্যাচ জিতেছে। নিট রান রেটে চট্টগ্রামের চেয়ে এগিয়ে থাকলেও তিন দলের মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় বাদ পড়বে বরিশাল।”
অথচ সোমবার গভীর রাতে বিপিএল গভর্নিং কাউন্সিল এক বিবৃতিতে জানায়, চতুর্থ দল হিসেবে বরিশাল বার্নার্সই খেলবে সেমিফাইনালে। বরিশাল বার্নার্স (রান রেট ০.১৭৮) ও চট্টগ্রাম কিংস (রান রেট ০.০৭৮) নিজেদের মধ্যে একটি করে ম্যাচ জিতেছে। তাই রান রেটে এগিয়ে থাকায় শেষ চারে যাবে বরিশাল বার্নার্স।
বাইলজের ২১ এর ৮ এর দুই নম্বর ও এক নম্বর উপধারার অংশ বিশেষ মিলিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংবাদ মাধ্যমে ভুলের ব্যাখ্যা দেয়ার পর গাজী আশরাফের আর গভর্নিং কাউন্সিলের সভাপতি পদে থাকার নৈতিক অধিকার আছে কিনা জানতে চাইলে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন আলমগীর। তিনি বলেন, “তিনি ব্যক্তিগত মতামত দিয়েছেন, কমিটির কারো সঙ্গে আলোচনা করেন নি।”
সোমবার রাতে বিসিবি সভাপতি মুস্তফা কামালও একটি টেলিভিশন অনুষ্ঠানে বলেন, চট্টগ্রাম কিংস সেমিফাইনালে খেলবে। তার বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে আলমগীর “তিনি যদি কোনো দলকে পছন্দ করেন” বলার পরই দুয়োধ্বনি শুরু হলে সংবাদ সম্মেলন সেখানেই শেষ করে তিনি প্রক্টরকে নিয়ে কক্ষ ত্যাগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০১২ঘ.
bdnews24