২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারের রান আউট নিয়ে বিতর্কের ঢেউ

ভদ্রলোকের খেলা ক্রিকেটে আবারো পরীক্ষার মুখে ‘স্পিরিট অব ক্রিকেট’। রোববার সিডনিতে অনুষ্ঠিত কমনওয়েল ব্যাংক ত্রিদেশীয় সিরিজে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে শচীন টেন্ডুলকারের বিতর্কিত রান আউট নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 03:55 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভদ্রলোকের খেলা ক্রিকেটে আবারো পরীক্ষার মুখে ‘স্পিরিট অব ক্রিকেট’। রোববার সিডনিতে অনুষ্ঠিত কমনওয়েল ব্যাংক ত্রিদেশীয় সিরিজে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে শচীন টেন্ডুলকারের বিতর্কিত রান আউট নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। ঘটনাটি ভারতের ইনিংসের সপ্তম ওভারের শেষ বলে। ব্রেট লির বল পয়েন্টে ঠেলে দিয়ে রান নেয়ার আহ্বান জানান গৌতম গম্ভীর। তাতে সাড়া দিয়ে ছুটতে থাকেন টেন্ডুলকার। বল ধরার জন্য তখন দৌড়ে আসেন ফিল্ডার ডেভিড ওয়ার্নার। ওদিকে বল করে কিছুটা দৌড়ে পিচের ওপরে হঠাৎই থেমে যান লি। বলা যায় টেন্ডুলকারের পথ আগলে দাঁড়ান তিনি। লিকে পাশ কাটিয়ে নন-স্ট্রাইক প্রান্তে টেন্ডুলকার পৌঁছানোর আগেই ওয়ার্নারের সরাসরি থ্রো ভেঙ্গে দেয় স্টাম্প। মাঠে দাঁড়িয়ে টেন্ডুলকার হতাশা ও অসন্তুষ্টি প্রকাশ করলেও আম্পায়ার সাইমন টফেল ততক্ষণে আঙ্গুল তুলে ফেলেছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে ক্ষোভে ফেটে পড়েন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি বলেন, “আমার মনে হয় না ব্রেট লি পয়েন্টের ফিল্ডারের দিকে যাচ্ছিলেন। তার ঠিক টেন্ডুলকারের সামনে দাঁড়িয়ে পড়ার কোনো যুক্তিপূর্ণ কারণ আছে বলেও আমার মনে হয় না। টেন্ডুলকারের একটু ঘুরে অন্য প্রান্তে পৌঁছানোর জন্যই তা করা হয়েছে। রান আউটটা নিয়ে এটাই আমার মনে হয়েছে।” টফেলের টেন্ডুলকারকে আউট ঘোষণা করা নিয়েও প্রশ্ন তুলেছেন ধোনি। তার দাবি, টাফেল নয় অন্য আম্পায়ার বিলি বাউডেন ঘটনাটির সবচেয়ে কাছাকাছি ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৪৭ঘ.