ঢাকা, ফেব্র“য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার অ্যালান বোর্ডার মেডেল জিতেছেন মাইকেল ক্লার্ক। সোমবার তৃতীয়বারের মত তিনি এই পুরস্কারটি জেতেন।
টেস্ট অভিষেকেই ব্যাঙ্গালরে ভারতের বিপক্ষে ১৫১ রানের চমৎকার একটি ইনিংস খেলে ২০০৫ সালে প্রথম তিনি এই পুরস্কারে ভূষিত হন। এছাড়া ২০০৯ সালে সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের সঙ্গে পুরস্কারটি ভাগ করে নেন তিনি।
বিশ্বকাপের পর গত মার্চে অস্ট্রেলিয়ার অধিনায়ক হন ক্লার্ক। তার নেতৃত্বে শ্রীলঙ্কায় ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পর দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে ১-১ এ ড্র করে অস্ট্রেলিয়া। তবে স¤প্রতি নিজেদের মাটিতে ভারতের বিপক্ষে ৪-০ তে টেস্ট সিরিজ জয় অধিনায়ক ক্লার্কের সবচেয়ে বড় অর্জন।
অধিনায়ক হওয়ার পর ব্যাট হাতেও দলের নেতৃত্ব দিচ্ছেন ক্লার্ক। ১১ টেস্টে ৫টি শতক তার। ৬৮.৬৫ গড়ে মোট রান ১,১৬৭। এর মধ্যে গত মাসে ভারতের বিপক্ষে সিডনিতে অপরাজিত ৩২৯ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন তিনি।
এদিকে ৩৫তম ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ান ক্রিকেটের হল অব ফেমে জায়গা করে নিয়েছেন অনেকের মতে ক্রিকেটের সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১১৭ ঘ.
bdnews24