২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটসম্যানদের দুষলেন সাকিব

রোববার বিপিএলে দুরন্ত রাজশাহীর কাছে ৮ উইকেটে হারের জন্য ব্যাটসম্যানদের দুষলেন খুলনা রয়েল বেঙ্গলসের অধিনায়ক সাকিব আল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2012, 12:10 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার বিপিএলে দুরন্ত রাজশাহীর কাছে ৮ উইকেটে হারের জন্য ব্যাটসম্যানদের দুষলেন খুলনা রয়েল বেঙ্গলসের অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচ শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি বলেন, “আমরা খুব বাজে ব্যাটিং করেছি। প্রথম ছয় ব্যাটসম্যান দায়িত্ব নিয়ে খেলতে পারেননি। তাই এভাবে হারতে হলো।” চোটের কারণে শিবনারায়ন চন্দরপলের না খেলাও হারের অন্যতম কারণ বলে মনে করেন সাকিব। তিনি বলেন, “ব্যাট হাতে চন্দরপল বেশ ভালো ছন্দে আছেন, রানও পাচ্ছেন। চোটের কারণে তার না খেলা আমাদের জন্য অবশ্যই বড় ধাক্কা।” “হার্শেল গিবস ও সনাৎ জয়াসুরিয়া অনেক বড় মাপের খেলোয়াড়। তবে আমার মনে হয় না এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত নিজেদের নামের প্রতি সুবিচার করার মতো রান করতে পেরেছেন তারা, ” যোগ করেন তিনি। টানা দুই ম্যাচ হেরে যাওয়ায় খুলনা রয়েল বেঙ্গলসের সামনে এখন সেমিফাইনালে উঠতে না পারার আশঙ্কা। এ প্রসঙ্গে সাকিব বলেন, “চট্টগ্রাম কিংসের কাছে আজ (রোববার) বরিশাল বার্নার্স হেরে গেলে সমীকরণটা সহজ হয়ে যাবে। সেমিফাইনালের চার দল চূড়ান্ত হয়ে যাবে।” “নইলে সোমবার সিলেট রয়্যালসকে আমাদের হারাতেই হবে। টানা দুই ম্যাচ জেতায় সিলেট রয়্যালসের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তাছাড়া ওদের হারানোরও কিছু নেই,” যোগ করেন তিনি। অন্যদিকে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করতে পেরে দারুণ উচ্ছ্বসিত দুরন্ত রাজশাহীর অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি বলেন, “আমাদের দলের প্রত্যেকে এখন দারুণ আত্মবিশ্বাসী এবং তারা প্রত্যেকেই খুব ভালো খেলছেন। আমরা এখন সেমিফাইনালের দিকে তাকিয়ে আছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮০৭ঘ.