ঢাকা, ফেব্র“য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ানডেতে ভালো খেলতে পারছেন না ডেভিড ওয়ার্নার। এদিকে সুস্থ হয়ে উঠেছেন শেন ওয়াটসন। ফলে অস্ট্রেলিয়ার ওয়ানডে একাদশে ওয়ার্নারের স্থান হুমকির মুখে।
কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজেই ওয়ার্নারের জায়গায় দেখা যেতে পারে ওয়াটসনকে। শ্রীলঙ্কার বিপক্ষে শুক্রবার দ্বাদশ খেলোয়াড় ছিলেন ওয়াটসন। ওই ম্যাচে শ্রীলঙ্কা ৩ উইকেটে জেতে।
ত্রিদেশী সিরিজে এখন পর্যন্ত ৬ ম্যাচে ২০.১৬ গড়ে ওয়ার্নারের সংগ্রহ ১২১ রান। যদিও এই সিরিজের আগে থেকেই ওয়ানডেতে রান খরায় ভুগছেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। নিজের শেষ ১৪টি ম্যাচে মাত্র একটি অর্ধশতক করেছেন।
যদিও দলে ওয়ার্নারই একমাত্র খেলোয়াড় যিনি এই গ্রীষ্মে তিন ধরণের ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে সবগুলো ম্যাচে খেলেছেন এবং অনেকের ধারণা ব্যস্ত সূচীর এই প্রচন্ড চাপ ওয়ার্নারের নৈপুণ্যে প্রভাব ফেলেছে।
তবে অধিনায়ক মাইকেল ক্লার্ক তা মানতে নারাজ। অস্ট্রেলিয়ার খেলাধূলা বিষয়ক চ্যানেল ‘ফক্স স্পর্টস’কে ক্লার্ক বলেন, “আমি জানি না তার (ওয়ার্নার) বিশ্রাম প্রয়োজন কিনা। ওই ব্যাপারে আমি নিশ্চিত নই। সে অনেক বেশি ওয়ানডে ম্যাচ খেলেনি। আমার মনে হয় না তার বিশ্রামের প্রয়োজন আছে।”
“আমার মনে হয় নির্বাচকরা যদি তাকে বিশ্রামে রাখেন তবে সেটা একান্তই নির্বাচক কমিটির সিদ্ধান্ত। কিন্তু ওয়ার্নারের উচিৎ হবে রান করে যাওয়া। এটা কোনো বিষয়ই না যে সে কোন ধরণের ক্রিকেটে তা করছে। সে মাত্র ১৬টি ওয়ানডে খেলেছে। তাই আমার মনে হয় ভালো খেলার জন্য তার কঠোর অনুশীলন চালিয়ে যাওয়া উচিৎ। আমি নিশ্চিত সে দলের বড় সম্পদ,” যোগ করেন ক্লার্ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯২৮ ঘ.
bdnews24