ঢাকা, ফেব্র“য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা ৫ ম্যাচ জিতে যেন উড়ছিলো দুরন্ত রাজশাহী। অন্যদিকে টানা ৭টি হারে সবার আগে সেমিফাইনালে ওঠার আশা শেষ সিলেট রয়্যালসের। শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় ম্যাচে সেই সিলেট রয়্যালসই অতি সহজে ৯ উইকেটে হারিয়ে দিয়েছে দুরন্ত রাজশাহীকে।
সিলেট রয়্যালসকে ১৬ রানে হারিয়ে জয়যাত্রা শুরু করা দুরন্ত রাজশাহী ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে অবশ্য।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা দুরন্ত রাজশাহীকে সোহেল তানভীর ও আবুল হাসানের দারুণ বোলিং ৯ উইকেটে ১২৪ রানের বেশি করতে দেয়নি। জবাবে কামরান আকমলের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১৬ ওভার ৩ বলে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সিলেট রয়্যালস।
লক্ষ্য তাড়া করতে নেমে পিটার ট্রেগোর (২৪) সঙ্গে কামরানের ৫২ রানের উদ্বোধনী জুটি সিলেট রয়্যালসের জয়ের ভিত গড়ে দেয়। এরপর দ্বিতীয় েেউইকটে টম মেনার্ডের (অপরাজিত ২২) সঙ্গে কামরানের অবিচ্ছিন্ন ৭৩ রানের জুটি সহজ জয় এনে দেয় সিলেটের দলটিকে।
৭২ রানে অপরাজিত কামরানের ৫১ বলের ম্যাচ জেতানো ইনিংসে ৭টি চার ও ৩টি ছক্কা।
এর আগে ২৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে যায় দুরন্ত রাজশাহী। মারলন স্যামুয়েলস ৬ রান করলেও শূন্য হাতে ফেরেন জুনায়েদ সিদ্দিক ও অধিনায়ক মুশফিকুর রহিম।
চতুর্থ উইকেটে খালিদ লতিফের (১৪) সঙ্গে শাহজেইব হাসানের ৪৯ রানের জুটিতে ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছিলো রাজশাহী। তবে দলীয় ৮৬ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে শাহজেইব বিদায় নিলে আবার পথ হারায় তারা। শাইজেবের ৪৬ বলে খেলা ৫৪ রানের আক্রমণাত্মক ইনিংসে ৭টি চার।
শেষ পর্যন্ত আব্দুল রাজ্জাকের ২১ রানের সুবাদে সোয়া শ’র কাছাকাছি সংগ্রহ গড়ে দুরন্ত রাজশাহী।
১৩ রানে ৪ উইকেট নিয়ে সোহেল তানভীর সিলেট রয়্যালসের সেরা বোলার। ৩০ রানে আবুল হাসানের শিকার ৩টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৪৪ ঘ.
bdnews24