ঢাকা, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম শতক ও এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এখন রিচার্ড লেভির অধিকারে। রোববার লেভির ঝড়ো ব্যাটিংয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে সহজেই ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা নিয়ে এসেছে দক্ষিণ আফ্রিকা।
ওয়েলিংটনে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি ৬ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড।
হ্যামিল্টনের সেডন পার্কে ৪৫ বলে শতক স্পর্শ করা লেভি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১৭ রান করে। মাত্র ৫১ বলের বিধ্বংসী ইনিংসটি সাজানো ১৩টি ছক্কা ও ৫টি চারে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে এক ম্যাচে সবচেয়ে বেশি ১০টি ছক্কা মারার কৃতিত্ব ছিলো ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। আর ৫০ বলে দ্রুততম শতকের রেকর্ড যৌথভাবে ছিলো গেইল ও নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামের দখলে।
লেভির ঝড়ো শতকের সুবাদে ২৪ বল হাতে রেখেই ১৭৪ রানের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। লেভির সঙ্গে তখন ৩৯ রানে অপরাজিত অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭৩ রান করে নিউজিল্যান্ড। কেউ অর্ধশতক না পেলেও মার্টিন গাপটিল (৪৭), অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম (৩৫), কেন উইলিয়ামসন (অপরাজিত ২৮) ও জেমস ফ্র্যাঙ্কলিনের (২৮) মিলিত প্রচেষ্টা বড় সংগ্রহ এনে দিয়েছিলো স্বাগতিকদের। কিন্তু লেভি-ঝড়ে ধূলিস্যাত হয়ে গেছে তাদের জয়ের স্বপ্ন।
এমন অসাধারণ ইনিংস খেলে লেভি দারুণ উচ্ছ্বসিত। ম্যাচ শেষে তিনি বলেন, “আজ (রোববার) ব্যাট করে খুব মজা পেয়েছি। যে শট খেলতে চাচ্ছিলাম সেটাই ব্যাটে-বলে ভালোভাবে সংযোগ হচ্ছিলো। উইকেটের এক প্রান্ত থেকে লেগের দিকের সীমানা অনেক কাছে ছিলো। আমিও ঐ দিক দিয়েই মারার চেষ্টা করেছি।”
বুধবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে অকল্যান্ডে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৫১ঘ.
bdnews24